কলেজস্ট্রিট থেকে পার্কস্ট্রিট—ফুটপাথ দখলমুক্ত করতে অ্যাকশন মোডে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা চালানোর অভিযোগে কয়েকজন দোকানদারকে ধমকও দেন মন্ত্রী
Truth of Bengal: সকাল সকাল কলকাতার ফুটপাথ পরিদর্শনে বেরিয়ে কড়া বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার কলেজ স্ট্রিট, ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের একাধিক দোকান ঘুরে দেখেন তিনি। পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা চালানোর অভিযোগে কয়েকজন দোকানদারকে ধমকও দেন মন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিতভাবে শহরের বিভিন্ন এলাকায় আচমকা পরিদর্শনে যাচ্ছেন অগ্নিমিত্রা। কোথাও নিকাশি সমস্যা, কোথাও রাস্তা বা ফুটপাথ দখল—সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তিনি।
এদিন প্রথমে কলেজ স্ট্রিট এলাকায় যান মন্ত্রী। ফুটপাথের দোকানগুলির অবস্থা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন। সেখান থেকে ধর্মতলা হয়ে পার্ক স্ট্রিট চত্বরে পৌঁছন তিনি। পার্ক স্ট্রিটের একটি খাবারের দোকানে গিয়ে অগ্নিমিত্রা দেখেন, ফুটপাথের উপর একাধিক সারিতে দোকানের সামগ্রী রাখা হয়েছে। কার্যত তিনটি জায়গা দখল করে ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ। তা দেখেই অসন্তোষ প্রকাশ করেন তিনি। দোকানদারকে প্রশ্ন করে মন্ত্রী বলেন, ফুটপাথের উপর দু’টি বা তিনটি সারিতে দোকান বসানো হলে সাধারণ মানুষ হাঁটবেন কোথা দিয়ে? ব্যবসা করতে গিয়ে পথচারীদের চলাচলের অধিকার কেড়ে নেওয়া যাবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।
এরপর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাথের সমস্ত দোকান এক সারিতে আনার নির্দেশ দেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, কোনও দোকান উচ্ছেদ করা হচ্ছে না, কিন্তু ফুটপাথ পুরোপুরি দখল করে ব্যবসা চালানোর অনুমতিও দেওয়া হবে না। মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে, পুজোর আগে কোনও দোকান সরানো যাবে না। আমিও কাউকে সরাতে চাই না। কিন্তু ফুটপাথ আটকে ব্যবসা করা চলবে না। পথচারীদের জন্য পর্যাপ্ত জায়গা রাখতেই হবে।”






