অবশেষে গ্রেফতার নেশাগ্রস্ত গেটম্যান, মুর্শিদাবাদে দুর্ঘটনায় সাসপেন্ড ২ রেল আধিকারিক
রেলের চরম গাফিলতি কাড়ল ৩টি প্রাণ! চাকরি গেল গেটম্যান ও সুপাভাইজারের, তদন্তে নামল ৭ সদস্যের টিম!
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: শুক্রবার সকালে এক মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। রেলের লেভেল ক্রসিং খোলা থাকার কারণে দ্রুতগতিতে আসা একটি ডাউন ট্রেন সজোরে ধাক্কা মারে একটি স্কুল পড়ুয়া বোঝাই পুলকার ও এক সাইকেল আরোহীকে। এই হাড়হিম করা সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ২ স্কুল পড়ুয়া-সহ মোট ৩ জন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুর্ঘটনার পরেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কর্তব্যে গাফিলতির অভিযোগে অভিযুক্ত গেটম্যানকে তাঁর কেবিনেই তালাবন্ধ করে আটকে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত গেটম্যানকে উদ্ধার করে গ্রেফতার করে।
নেশার ঘোরেই চলত কাজ! বিস্ফোরক দাবি স্থানীয়দের
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাঁদের দাবি, ওই গেটম্যান প্রতিদিন মদ এবং গাঁজা খেয়ে চরম নেশাগ্রস্ত অবস্থায় কেবিনে বসে থাকতেন। নেশার ঘোরে প্রায়দিনই তিনি লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার পর তা পুনরায় খুলতে ভুলে যেতেন। ঘণ্টার পর ঘণ্টা রেলগেট বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হত নিত্যযাত্রীদের। একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। শুক্রবার সকালেও ওই গেটম্যান সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই কারণেই সময়মতো রেলগেট বন্ধ করতে ভুলে যান, যার পরিণতিতে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে। গ্রেপ্তারের সময়েও অভিযুক্তের শারীরিক হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি তীব্র নেশার ঘোরে আচ্ছন্ন ছিলেন।
সাসপেন্ড গেটম্যান ও সুপারভাইজার, তদন্তে রেলের উচ্চপর্যায়ের টিম
এই ভয়াবহ দুর্ঘটনার জেরে নড়েচড়ে বসেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কর্তব্যে চরম গাফিলতি এবং উদাসীনতার অভিযোগে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত গেটম্যান এবং তাঁর দায়িত্বে থাকা সুপারভাইজারকে। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে ইতিমধেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে রেলের ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশ সুপারও। পুলিশ ও রেলের আধিকারিকেরা ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন এবং অভিযুক্তের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন।
রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন অধীর চৌধুরী
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। উত্তেজিত জনতার সাথে কথা বলার পর তিনি সরাসরি রেলের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। অধীর চৌধুরী ক্ষোভপ্রকাশ করে বলেন, “প্রথম দৃষ্টিকোণ থেকে এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী গেটম্যান। তবে রেলের পরিকাঠামো উন্নয়নের কথা দীর্ঘদিন ধরে বলা হলেও বাস্তবে কোনো কাজ হচ্ছে না। গেটম্যানের বিরুদ্ধে স্থানীয়দের এই অভিযোগ খতিয়ে দেখতে হবে। একই সাথে আমাদের জানতে হবে এই গেটম্যান রেলের স্থায়ী কর্মী নাকি কোনও আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল? তাঁর যথাযথ প্রশিক্ষণ ছিল কি না, তাও খতিয়ে দেখা জরুরি।” এই মুহূর্তে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ক্ষোভ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।





