কলকাতারাজ্যের খবর

রথের দিন ভাসতে পারে বাংলা, দিনভর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে

Truth of Bengal: রথযাত্রার দিন সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দিনভর শহরে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার কয়েকটি এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে আরও সুস্পষ্ট হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। এর প্রভাবেই রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের একাংশে ভারী বৃষ্টি চলতে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকার আশঙ্কা রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। এদিকে সপ্তাহান্তে উত্তরবঙ্গেও ফের প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Related Articles