আজ দিনভর দফায় দফায় বৃষ্টি কলকাতায়! উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহবিদেরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে
Truth of Bengal: রাজ্যের উপর আপাতত সদয় বর্ষা। গত কয়েক দিন ধরে ভোরবেলা কিংবা রাতভর বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন এলাকা। শনিবারও সেই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। তার সঙ্গে একটি ঘূর্ণাবর্তের প্রভাবও যুক্ত হয়েছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির কারণেই গোটা রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ বজায় রয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। শহরে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.২ ডিগ্রি কম। ফলে বৃষ্টির কারণে শহরে গরমের অস্বস্তি অনেকটাই কম থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বৃষ্টির সম্ভাবনা বেশি। পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এ ছাড়াও বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু জায়গায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।





