মেরিনোর শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে স্পেন, বিদায় বেলজিয়ামের সোনালি প্রজন্মের
লস অ্যাঞ্জেলেসে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে।
Truth of Bengal: বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তের জয়সূচক গোল করেছিলেন মিকেল মেরিনো। কোয়ার্টার ফাইনালেও একই গল্প লিখলেন স্প্যানিশ আর্মাডার এই মাঝমাঠের ফুটবলার। বদলি নেমে ৮৮ মিনিটে তাঁর করা গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ চারে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
লস অ্যাঞ্জেলেসে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। বলের দখল, আক্রমণ আর সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারা। তবে পাল্টা আক্রমণে কয়েকবার ভয় ধরিয়েছিল বেলজিয়ামও। ম্যাচের ৩০ মিনিটে দারুণ এক আক্রমণে দানি ওলমোর প্রথম শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু ফিরতি বলে ফাবিয়ান রুইজ দ্রুত ঝাঁপিয়ে পড়ে জালে বল পাঠিয়ে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় বেলজিয়াম। ৪১ মিনিটে টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে চার্লস ডি কেটেলারার দুর্দান্ত হেডে সমতা ফেরান। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ৬০০ মিনিটের বেশি সময় পর প্রথমবার গোল হজম করে স্পেন। কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া ও পর্তুগালের বিপক্ষে টানা পাঁচটি ম্যাচে ক্লিন শিট রেখেছিল তারা।
বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে স্পেন। একের পর এক সুযোগ তৈরি হলেও কোর্তোয়ার দৃঢ়তায় গোল পাচ্ছিল না তারা। তবে ৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের অধিনায়ক। তাঁর বদলে নামেন সেনে লামেন্স। ম্যাচের শেষ দিকে সেই বদলি গোলরক্ষকের ভুলই কাল হয়ে দাঁড়ায় বেলজিয়ামের জন্য। ৮৮ মিনিটে লামেন্সের ভুলে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মিকেল মেরিনো। এই গোলই নিশ্চিত করে স্পেনের সেমিফাইনাল।
এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বেলজিয়ামের সোনালি প্রজন্মের। রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়া ও কেভিন ডি ব্রুইনার আর বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।
এবার সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও দেজিরে দুয়ের দুর্দান্ত আক্রমণভাগের বিপক্ষে এবার পরীক্ষা দিতে হবে পুরো টুর্নামেন্টে অন্যতম সেরা রক্ষণভাগ গড়ে তোলা স্পেনকে। তাই দুই ইউরোপীয় শক্তির এই লড়াইকে অনেকেই আগাম ফাইনাল বলেই মনে করছেন।






