রাজ্যের খবর

৬০০ কোটির মেগা বিনিয়োগ লাক্স কোজির! ডানকুনিতে লাক্স কোজির কারখানার শিলান্যাস মুখ্যমন্ত্রীর

শনিবার এই কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Truth of Bengal: ডবল ইঞ্জিন সরকারের আমলে পশ্চিমবঙ্গে বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। এবার বাংলার বুকে বড়সড় বিনিয়োগের ঘোষণা করল দেশের অন্যতম জনপ্রিয় অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ (Lux Cozi Industries)। ডানকুনিতে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে লাক্স কোজির কারখানার এই বিশাল সম্প্রসারণ প্রকল্প গড়ে উঠছে। শনিবার এই কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রথা মেনে গোমাতার সেবা করে অত্যন্ত নিষ্ঠার সাথে অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এই মেগা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও উত্তরীয় প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি। এই বিশেষ মঞ্চ থেকেই রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় পশ্চিমবঙ্গের শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে এক নতুন আশার আলো দেখান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলায় এবার দীর্ঘদিনের শিল্পের খরা কাটবে এবং নতুন করে বিনিয়োগের জোয়ার ফিরবে। অতীতে যে সমস্ত শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, প্রয়োজনে তাঁদের হাতে-পায়ে ধরে অনুরোধ করে আবার বাংলায় ফিরিয়ে আনা হবে। ঘাম ও রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সাথে কাজ করব, যাতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আর রুটি-রুজির টানে ভিন রাজ্যে পাড়ি দিতে না হয়।” অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “আমরা রাজ্যে প্রকৃত বিনিয়োগ ও শিল্প চাই। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) স্বার্থে শ্রমিকদের কর্মসংস্থান বাড়াতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ ৫০ বছর ধরে বাম ও তৃণমূলের কুশাসনের পর শুভেন্দুর নেতৃত্বে আসল পশ্চিমবঙ্গ সরকার গড়ে উঠেছে। এবার বন্ধ কারখানার দরজা খোলার চাবি আমাদের মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর হাতে।” সরকারের এই ইতিবাচক মনোভাবকে সাধুবাদ জানিয়ে লাক্স কোজির প্রতিষ্ঠাতা অশোক টোডি বলেন, “বর্তমানে বাংলায় ব্যবসার চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। বহু ব্যবসায়ী এখন বাংলায় আসতে চাইছেন। বিজেপি সরকারের হাত ধরে আজ আমার তিন প্রজন্মের স্বপ্নপূরণ হলো। বাংলার বিনিয়োগের ক্ষেত্রে আমি একশো শতাংশ আশাবাদী।”

ডানকুনিতে লাক্স কোজির এই কারখানা সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর দিয়ে দাবি করেন, “বাংলা আবার বিনিয়োগের ক্ষেত্রে ভারতের সেরা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবেই। শিল্পের খরা কাটিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে বাংলায় এবার নতুন জোয়ার আসছে এবং মানুষ ডবল ইঞ্জিনের আসল সুফল পাবেন।” তিনি আরও বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা সঠিক থাকলেই একমাত্র বিজনেস-ফ্রেন্ডলি বা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হয়, যা নতুন সরকার করছে। বাম আমলে যেখানে ঋণের বোঝা ছিল ২ লক্ষ কোটি টাকা, তৃণমূল জমানায় তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ কোটি টাকায়। এই ঋণের ফাঁদ থেকে বেরোতে বিনিয়োগ বাড়িয়ে নিজেদের রাজস্ব বাড়াতে হবে।” মুখ্যমন্ত্রী জানান, লাক্স কোজির এই ৬০০ কোটির বিনিয়োগের হাত ধরে বছরে প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে এবং সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৯,০০০ মানুষের কর্মসংস্থান হবে। বর্তমানে রাজ্যের যে প্রায় ১ কোটি মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে রয়েছেন, তাঁরাও এবার ঘরে ফেরার আশা রাখছেন। এই মঞ্চ থেকেই ডবল ইঞ্জিন জমানায় রাজ্যে ‘ত্রিশক্তি’ কর্মসংস্থানের এক বড়সড় আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Related Articles