কলকাতা

২১ জুলাইয়ের মঞ্চ বাঁধতেই বিপত্তি! কুণাল-দোলাদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর

অভিযোগ, ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বাঁধার মাপজোক করতে গিয়ে ব্যস্ত সময়ে রাস্তা আটকে যান চলাচলে ব্যাঘাত ঘটানো হয়েছে

Truth of Bengal: একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই নতুন বিতর্ক। এবার ‘কালীঘাট তৃণমূল’-এর তিন নেতার বিরুদ্ধে মামলা রুজু হল হেয়ার স্ট্রিট থানায়। অভিযোগ, ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বাঁধার মাপজোক করতে গিয়ে ব্যস্ত সময়ে রাস্তা আটকে যান চলাচলে ব্যাঘাত ঘটানো হয়েছে। রবিবার দুপুরে ভিক্টোরিয়া হাউসের সামনে যান কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়। সেখানেই ২১ জুলাইয়ের অনুষ্ঠান মঞ্চ তৈরির জন্য মাপজোক করা হয়। অভিযোগ, সেই সময় রাস্তায় জমায়েতের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন।

এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় তিন তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ২৮ তারিখ দুপুর ২টো ৫০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই এলাকায় রাস্তা আটকে রাখা হয়েছিল। তার জেরেই সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হয় বলে অভিযোগ।

মামলা রুজুর পর কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে জবাবদিহির জন্য নোটিস পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানা। রাজনৈতিক মহলের মতে, একুশে জুলাইয়ের কর্মসূচি ঘিরে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের মধ্যেই এই এফআইআর নতুন করে চাপ বাড়াল কালীঘাট শিবিরের উপর।

Related Articles