সব্যসাচীর ‘সোনা-খেলা’ এবার নদিয়ায়! ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে রাতভর তল্লাশিতে উদ্ধার ৩ কেজি সোনা!
৪ কোটিরও বেশি সোনা লুকিয়ে রাখা ছিল খাটের নিচে? তৃণমূলের টিনার বাড়ি থেকে কী কী পেল বিধাননগর পুলিশ?
Truth of Bengal: তৃণমূল নেতাদের দুর্নীতির শৃঙ্খল যেন বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ করছে! একা নয়, বরং বেআইনি আর্থিক লেনদেন ও কালো টাকা সাদা করার খেলায় তাঁরা একে অপরকে রীতিমতো সঙ্গী করে তুলেছেন। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা একসময়ের দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর সূত্র ধরে এবার তাঁর এক অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে হানা দিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। সোমবার রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার তেহট্টের বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় ৩ কেজি নিরেট সোনার গয়না। তদন্তকারীদের অনুমান, বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ সোনার বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষ টাকারও বেশি!

চলতি মাসের গোড়ার দিকে তোলাবাজি, হুমকি ও বিপুল বেআইনি সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। ২০২৬ সালের মেগা বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী হলেও শেষপর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হয় তাঁকে। আর ভোটের ফল বেরোনোর পরেই তাঁর এই নাটকীয় গ্রেপ্তারি ও জেলযাত্রা। সব্যসাচীর বিপুল বেআইনি সাম্রাজ্যের হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তোলাবাজির সিন্ডিকেট ও দুর্নীতির কালো টাকা দিয়ে তিনি মূলত তাল তাল সোনা কিনে রাখতেন। সম্প্রতি তাঁর রাজারহাটের বিলাসবহুল ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকে সেই সোনা কেনার প্রচুর রসিদ যেমন মেলে, তেমনই উদ্ধার হয় সাড়ে ৩ কেজি সোনাও।

ধৃত সব্যসাচীকে জেরা করে পুলিশ জানতে পারে, প্রভাব খাটিয়ে কেবল নিজের নামেই নয়, বরং তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থাকা লোকেদের লকারেও কোটি কোটি টাকার সোনা মজুত করে রেখেছেন তিনি। সেই চাঞ্চল্যকর তথ্যের ওপর ভিত্তি করেই সোমবার গভীর রাতে সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্টে আচমকা হানা দেয় বিধাননগর পুলিশের একটি বিশেষ দল।

সেখানেই জেলা পরিষদের নেত্রী টিনা ভৌমিক সাহার ঘরে তল্লাশি চালাতেই একের পর এক সোনার বাট ও ভারী গয়না বেরিয়ে আসতে শুরু করে। উদ্ধার হওয়া প্রায় ৩ কেজি সোনার কোনও বৈধ কাগজপত্র বা উৎস দেখাতে পারেননি ওই নেত্রী। ফলে সমস্ত সোনা বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীদের ধারণা, সব্যসাচীর তোলাবাজির কালো টাকাই সোনা হয়ে জমা হয়েছিল নদিয়ার এই নেত্রীর ডেরায়। এই ঘটনায় টিনা ভৌমিক সাহার ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি তাঁর আয়ের উৎস নিয়েও বড়সড় তদন্ত শুরু করতে চলেছে বিধাননগর পুলিশ। সব মিলিয়ে, ছাব্বিশের ভোটের পর এই ‘সোনা-কেলেঙ্কারি’ শাসক শিবিরের অস্বস্তি যে অনেকটাই বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।






