কলকাতা

প্রায় ঘন্টাখানেক পর পার্টি অফিসে ঢুকল সিআইডি! মমতার বাড়ির সামনে বেনজির বাদানুবাদ ঘাসফুল কর্মীদের

প্রায় ঘণ্টাখানেক ধরে কার্যালয়ে উপস্থিত তৃণমূল নেতাদের সঙ্গে বাদানুবাদের পর ভিতরে প্রবেশের অনুমতি পায় সিআইডি দল

Truth of Bengal: সই-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছল সিআইডি। মঙ্গলবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে যায় রাজ্য গোয়েন্দা দফতরের একটি বড় দল। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও। তবে কার্যালয়ে পৌঁছেই ভিতরে ঢুকতে পারেনি সিআইডি। প্রথমে গেটের বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। প্রায় ঘণ্টাখানেক ধরে কার্যালয়ে উপস্থিত তৃণমূল নেতাদের সঙ্গে বাদানুবাদের পর ভিতরে প্রবেশের অনুমতি পায় সিআইডি দল।

সূত্রের খবর, সই-কাণ্ডের তদন্তে ৩০ বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটের তৃণমূল কার্যালয়ে তল্লাশি চালাতে চান তদন্তকারীরা। এই কার্যালয়েই বিধায়কদের সই সংগ্রহ করা হয়েছিল বলে তদন্তে একটি বয়ান উঠে এসেছে। সেই সূত্র ধরেই এদিন কালীঘাটে পৌঁছয় সিআইডি। মঙ্গলবার দুপুরে সিআইডি-র একটি বড় দল বাসে করে মহিলা পুলিশ নিয়ে সেখানে যায়। কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকার সময় গেট খুলে বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। এরপরই সিআইডি আধিকারিকদের সঙ্গে তাঁর বাদানুবাদ শুরু হয়।

শুভাশিস চক্রবর্তীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেই দিল্লিতে রয়েছেন। তাঁদের অনুপস্থিতিতে তিনিই কার্যালয় দেখভালের দায়িত্বে রয়েছেন। তাই মমতা ও অভিষেক কলকাতায় না থাকায় তিনি সিআইডি-কে কার্যালয়ের ভিতরে ঢুকতে দিতে পারবেন না বলে জানান। অন্যদিকে, একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছয় সিআইডি-র আরেকটি দল। ফলে সই-কাণ্ডের তদন্তে একযোগে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে সিআইডির তৎপরতা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।তৃণমূলের অন্দরে ভাঙন, বিধায়কদের সই ঘিরে বিতর্ক এবং অভিষেককে তলব—সব মিলিয়ে সই-কাণ্ড ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। তার মধ্যেই দলীয় কার্যালয়ে সিআইডির পৌঁছনো এবং প্রবেশ ঘিরে টানাপোড়েন তদন্তে নতুন মাত্রা যোগ করল।

Related Articles