অসুস্থতার ‘বাহানা’ চলবে না, সোমবার ১১টার মধ্যেই হাজিরা দিন! অরূপের বাড়িতে নোটিস সাঁটাল পুলিশ
মেসির ইভেন্টে কোটি কোটি টাকার জালিয়াতি! প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সাঁটানো হল পুলিশের নোটিস, সোমবারই হাজিরার চরম ডেডলাইন
Truth of Bengal: ছাব্বিশের বঙ্গে ক্ষমতা বদলের পর থেকেই একের পর এক প্রাক্তন তৃণমূল হেভিওয়েট মন্ত্রী ও নেতাদের ডেরায় হানা দিচ্ছে পুলিশ। এবার ফুটবল রাজপুত্র লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর সংক্রান্ত এক মেগা কেলেঙ্কারিতে নাম জড়ানো প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) চাপ কয়েক গুণ বাড়িয়ে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার সকালে সোজা প্রাক্তন মন্ত্রীর নিউ আলিপুরের বাসভবনে পৌঁছে যান দুঁদে পুলিশ কর্তারা। অরূপবাবু বাড়িতে না থাকায়, তাঁর বাড়ির সদর দরজায় দু-দুটি আইনি নোটিস সাঁটিয়ে দিয়ে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবার সকাল ১১টার মধ্যে তাঁকে থানায় হাজির হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
“মেডিক্যাল রিপোর্ট কোথায়?”, অসুস্থতার দাবি ওড়াল পুলিশ
তদন্তকারী সূত্র মারফত জানা গিয়েছে, মেসিকাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য পুলিশি নোটিস এড়াতে গত সপ্তাহে দু’দিন সময় চেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তিনি দাবি করেছিলেন, তিনি অত্যন্ত অসুস্থ, তাই আগামী দুই সপ্তাহ তাঁর পক্ষে থানায় যাওয়া সম্ভব নয়। কিন্তু বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সেই যুক্তি একঝটকায় খারিজ করে দিয়েছে।
দরজায় সাঁটানো নোটিসে পুলিশ সাফ জানিয়েছে, অরূপ বিশ্বাস শারীরিক অসুস্থতার যে কারণ দেখিয়েছেন, তার সপক্ষে কোনও বৈধ নথিপত্র বা যোগ্য চিকিৎসকের মেডিক্যাল রিপোর্ট জমা দিতে পারেননি। ফলে এই অজুহাত গ্রাহ্য করা হচ্ছে না। সোমবার বেলা ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতি (BNS) আইন মেনে পরবর্তী কড়া আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
টিকিট কালোবাজারি থেকে চাঁদাবাজি! শতদ্রু দত্তর এক এফআইআর-এই বিপত্তি
ঘটনার নেপথ্যে রয়েছে গত ১৭ মে মেসির ‘গোট ট্যুর’-এর মূল আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা একটি বিস্ফোরক এফআইআর। বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু হয়েছে। যার মধ্যে রয়েছে মেসির মেগা ইভেন্টের টিকিট কালোবাজারি, কোটি কোটি টাকার চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইভেন্টের নিরাপত্তায় চরম গাফিলতি এবং আয়োজকদের সঙ্গে প্রতারণা করার মতো মারাত্মক সব অভিযোগ।
এই কেলেঙ্কারির জল ইতিমধ্যেই অনেক দূর গড়িয়েছে। বারাসত আদালতে অরূপ বিশ্বাসের আগাম জামিনের আবেদন আগেই খারিজ হয়ে গিয়েছে। এরপর তিনি সুরাহা পেতে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েছেন, যার শুনানি রয়েছে আগামী ৯ জুন। কিন্তু হাইকোর্টের সেই লাইফলাইন পাওয়ার আগেই সোমবার পুলিশের এই চরম ডেডলাইন অরূপ বিশ্বাসের গ্রেফতারির সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিল। ছাব্বিশের বঙ্গে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর এই দশা দেখে এখন ঘুম উড়েছে আদি তৃণমূল শিবিরের বাকি নেতাদেরও।





