রাজ্যের খবর

কারা হলেন পূর্ণমন্ত্রী আর কারা পেলেন প্রতিমন্ত্রিত্ব? শুভেন্দুর নয়া মন্ত্রিসভার তালিকা দেখে নিন

৫ থেকে একলাফে ৪০! এক মাস পূর্ণ হওয়ার আগেই রাজপাটে বিরাট রদবদল শুভেন্দুর

Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, এক মাস কাটার আগেই পূর্ণাঙ্গ রূপ পেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভা। সোমবার সকাল সকাল কলকাতার লোকভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নতুন করে আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। এর ফলে শুভেন্দু সরকারের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ৫ থেকে একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ। নতুন মন্ত্রীদের মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী (তালিকায় ১৮ জনের নাম স্পষ্ট) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজভবনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সমস্ত নতুন মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। সোমবার বিকেলের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দেবেন বলে নবান্ন সূত্রে খবর।

রাজভবনে চাঁদের হাট, কারা পেলেন পূর্ণ মন্ত্রিত্ব?

সোমবারের এই হাইপ্রোফাইল শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তর থেকে দক্ষিণ- বাংলার সমস্ত জেলার প্রতিনিধিত্ব চোখে পড়েছে। এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাপস রায় (মানিকতলা), দীপক বর্মন (ফালাকাটা), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)-সহ একঝাঁক চেনা মুখ। এছাড়া আউশগ্রামের কলিতা মাজি এবং কান্দির গার্গী ঘোষ দাসও আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এদের মধ্যে পূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছেন ১২ জন হেভিওয়েট নেতা: দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস।

অন্যদিকে, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন ৩ জন নতুন মুখ: ডা. ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।

১৮ জনের প্রতিমন্ত্রীর তালিকায় কারা?

এছাড়াও নতুন সরকারের ঝুলিতে যোগ হয়েছেন আরও ১৮ জন প্রতিমন্ত্রী। এই তালিকায় জায়গা পেয়েছেন: জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদীয়ারচাঁদ বাউড়ি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী দাস ঘোষ, উমেশ রাই, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার ও অমিয় কিস্কু।

দিলীপ-অগ্নিমিত্রাদের ওপর চাপ কমছে

উল্লেখ্য, গত ৪ মে ঘোষিত বঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে ভারতীয় জনতা পার্টি। এরপর গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। ওই একই দিনে শুভেন্দু ছাড়া আরও পাঁচ মন্ত্রী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক শপথ নিয়েছিলেন। এতদিন এই ৫ জন মন্ত্রীর কাঁধেই ছিল রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব। এবার তাঁদের কাজের চাপ কিছুটা লাঘব করতেই মন্ত্রিসভায় এই মেগা সম্প্রসারণ করা হল, যা ছাব্বিশের বঙ্গে নতুন সরকারের কাজের গতি আরও বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles