রাজ্যের খবর

বাংলার শিল্পে ৬ হাজার কোটির বিনিয়োগ! হলদিয়ায় নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন শুভেন্দুর

হলদি নদীর তীরে ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Truth of Bengal: রাজ্যে পালাবদলের পর বাংলায় শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বলে দাবি রাজ্য সরকারের। সেই আবহেই দুর্গাপুজোর চতুর্থীতে হলদিয়ায় প্রায় ৬ হাজার কোটি টাকার বিনিয়োগে নতুন শিল্পপ্রকল্পের সূচনা হল। হলদি নদীর তীরে ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড এই প্রকল্প গড়ে তুলছে। বুধবার দুপুরের আগেই হলদিয়ায় পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পরিবহণমন্ত্রী অর্জুন সিং, মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল-সহ প্রশাসন ও শিল্পমহলের বিশিষ্ট ব্যক্তিরা। নতুন প্ল্যান্ট ঘুরে দেখার পাশাপাশি আরতিতেও অংশ নেন শুভেন্দু অধিকারী। এরপর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এই শিল্পপ্রকল্প চালু হলে হলদিয়া পেট্রোকেমিক্যালসের উৎপাদন ক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, বছরে ৩৪৫ কেটিপিএ ফেনল এবং ২১৫ কেটিপিএ অ্যাসিটোন উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই দুই রাসায়নিকের উৎপাদন বাড়লে দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ আরও মজবুত হবে। পাশাপাশি, উচ্চমানের রাসায়নিকের জন্য বিদেশের উপর নির্ভরতা কমানোর ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে শিল্পমহল। নতুন কারখানাকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এই প্রকল্পকে কেন্দ্র করে হলদিয়া ও আশপাশের এলাকায় আরও অনুসারী শিল্প গড়ে উঠতে পারে। তাতে স্থানীয় অর্থনীতির প্রসারের পাশাপাশি পূর্ব ভারতের রাসায়নিক শিল্পক্ষেত্রেও নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে শিল্পের জোয়ার কেউ আটকাতে পারবে না। তাঁর বক্তব্য, ‘ডবল ইঞ্জিন’ সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং আগামী দিনে রাজ্যে নতুন নতুন শিল্পপ্রকল্পে বিনিয়োগ আসবে। হলদিয়ার এই উদ্যোগকে সামনে রেখে রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর থাকবে।

Related Articles