রাজ্যের খবর

“এটা তো সবে শুরু…!”, ফলতায় পদ্ম ফুটতেই মোদিকে ধন্যবাদ জানিয়ে হুঙ্কার শুভেন্দুর

মোদির টুইটের পাল্টা জবাব শুভেন্দুর! ফলতায় ‘ডায়মন্ড হারবার মডেল’ খতম হতেই শোরগোল সোশাল মিডিয়ায়

Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর, ফলতার পুনর্নির্বাচনেও ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে তৃণমূলকে হারিয়ে শেষ হাসি হেসেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। এই অভাবনীয় জয়ের পর ফলতার জনগণকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই জয়ের কাণ্ডারি হিসেবে প্রধানমন্ত্রীকে পালটা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে ট্যাগ করে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, “এই জনরায় আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের অটল আস্থা। আর এটা তো সবে শুরু…।”

উল্লেখ্য, ছাব্বিশের এই হাইভোল্টেজ নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। ১০০-র গণ্ডিও পার করতে পারেনি বিদায়ী শাসকদল। তবে ফলতা আসনে প্রথম দফায় ভোট কারচুপির বিস্তর অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। সেই মতো গত ২১ মে কড়া নিরাপত্তায় ফলতায় ভোট হয় এবং রবিবার ছিল তার গণনা। ফলাফলে দেখা যায়, সেখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম এবং তৃণমূল প্রার্থীর জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে।

মোদির অভিনন্দন ও গণতন্ত্রের জয়

ফলতার ফলাফলের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “ফলতার জনগণ নিজেদের রায় দিয়ে দিয়েছেন। এখানে গণতন্ত্রের জয় হয়েছে এবং ভয় দেখানোর রাজনীতির পরাজয় ঘটেছে। এই জয় বিজেপির প্রতি বাংলার মানুষের বিশ্বাসের প্রতীক।”

প্রধানমন্ত্রীর বার্তার পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর এই বার্তার পরই সোশাল মিডিয়ায় সরব হন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “ফলতার জনগণ স্বৈরাচারের বিরুদ্ধে রায় দিয়ে উন্নয়নের পথ বেছে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই ঐতিহাসিক জনরায় আপনার দূরদর্শী নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অটল আস্থার প্রমাণ। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও সাহসের সঙ্গে রুখে দাঁড়ানো আমাদের বিজেপি কর্মীদের অক্লান্ত নিষ্ঠার প্রতিফলন এটি।”

মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “ফলতায় পদ্ম ফুটেছে, আর এটা তো সবে শুরু…।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ফলতায় তৃণমূলের এই শোচনীয় পরাজয় এবং বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসা দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে এক দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Related Articles