অবৈধ বাসিন্দাদের জন্য ‘হোল্ডিং সেন্টার’- নির্দেশিকা জারি রাজ্য প্রশাসনের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এবার জেলায় জেলায় তৈরি হতে চলেছে ‘হোল্ডিং সেন্টার’।
Truth of Bengal: জয় চক্রবর্তী: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ বাসিন্দাদের নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। চিন্তিত করা হবে, তাদের নাম কাটা হবে এবং পাঠিয়ে দেয়া হবে দেশের বাইরে। কড়া অবস্থানের কথা জানিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারী। এবার সেই সমস্ত অবৈধ বাসিন্দাদের রাখার জন্য জেলায় জেলায় ব্যবস্থা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এবার জেলায় জেলায় তৈরি হতে চলেছে ‘হোল্ডিং সেন্টার’। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ধৃত বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের রাখার জন্য এই বিশেষ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, যেসব বিদেশি বন্দি সাজা সম্পূর্ণ করার পরও দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, তাঁদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি বিভাগ থেকে জারি হওয়া এক চিঠিতে রাজ্য প্রশাসনকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অবৈধভাবে দেশে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্তকরণ, আটক এবং পরবর্তী সময়ে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।সেই নির্দেশ মেনেই প্রতিটি জেলায় প্রশাসনকে উপযুক্ত জায়গা চিহ্নিত করে হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগ নিতে বলা হয়েছে। কেন্দ্রের দাবি, বিদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁদের নিরাপদ ও নির্দিষ্ট জায়গায় রাখার জন্যই এই ব্যবস্থা।প্রশাসনিক সূত্রে খবর, খুব শীঘ্রই জেলা প্রশাসনের তরফে সম্ভাব্য জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা শুরু হয়েছে।





