বাড়ছে পারদ, সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! সোমবার থেকে বদলাবে রাজ্যের আবহাওয়া?
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
Truth Of Bengal: বঙ্গে বিদায়বেলায় শীতের আমেজ ফিকে হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে কেবল গরমই নয়, ফাল্গুনের শুরুতে বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে হাওয়া অফিস। সোমবার থেকেই রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে সরাসরি বড় কোনো প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বৃষ্টি নামবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের চারটি জেলা— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও এই জেলাগুলোতে হালকা ভেজার সম্ভাবনা থাকছে।
কলকাতায় বৃষ্টির সরাসরি কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আগামী কয়েকদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে গরম অনুভূত হবে।
দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী সাত দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
ভোরের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।






