গরমের সঙ্গে ঝড়-বৃষ্টির যুগলবন্দি, আজ কোন কোন জেলায় বৃষ্টি?
রবিবার পর্যন্ত মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়।
Truth of Bengal: দক্ষিণবঙ্গে এখন আবহাওয়ার দ্বিমুখী খেলা চলছে। একদিকে দুপুরের চড়া রোদ আর ভ্যাপসা গরম, অন্যদিকে বিকেলের পর কোথাও কোথাও ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এইরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজায় থাকবে। রবিবার পর্যন্ত মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এই বৃষ্টির মাঝেও গরম থেকে এখনই পাকাপাকি রেহাই মিলছে না। আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দিনের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং পরবর্তী কয়েকদিন তা একই জায়গায় বজায় থাকবে। আগামী ১৯ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি চললেও, কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এই সময়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। উত্তরের জেলাগুলিতে রীতিমতো ঝড়-বৃষ্টির দাপট চলছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিনে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় তেমন বড় কোনো হেরফের বা পরিবর্তন হবে না। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এখন দুই বিপরীত ছবি ধরা পড়ছে।






