রাজ্যের খবর

মোদি-শাহের উপস্থিতিতে রবীন্দ্রজয়ন্তীতে ব্রিগেডে শপথ নয়া মন্ত্রিসভার

রবীন্দ্রজয়ন্তীতেই ব্রিগেডে ঐতিহাসিক সরকার গঠনের সাক্ষী হতে চলেছে বাংলা

Truth of Bengal: অবশেষে সমস্ত জল্পনার অবসান। প্রধানমন্ত্রীর ঘোষিত দিন ও মুহূর্তেই বাংলার মাটিতে পা রাখতে চলেছে বিজেপির নতুন মন্ত্রিসভা। দীর্ঘ টালবাহানা ও কানাঘুষো কাটিয়ে চূড়ান্ত হল, আগামী ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর দিন সকালেই ব্রিগেডে শপথ নিতে চলেছেন নতুন সরকারের মন্ত্রীরা। শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে বাংলার যাবতীয় সাংবিধানিক দায়িত্বভার গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি। বাংলার রাজনৈতিক পালাবদলের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবারই নীল-নকশা চূড়ান্ত

শপথগ্রহণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ৮ মে অর্থাৎ শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকেই উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকালই তাঁর রাজ্যে আসার কথা রয়েছে। বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? এই সবথেকে বড় প্রশ্নের উত্তর সম্ভবত আগামীকাল বিধায়কদের সঙ্গেই বৈঠকের পরেই চূড়ান্ত হতে পারে। শাহের ওপরই এই গুরুদায়িত্ব অর্পণ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

ব্রিগেডে শক্তি প্রদর্শন

৯ মে, সকাল ১০টা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই মঞ্চ থেকেই নতুন সরকারের ‘ভরসার-বাংলা’ গড়ার শপথ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। এছাড়াও, বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও একাধিক কেন্দ্রীয় সাংসদের উপস্থিতি এই শপথগ্রহণ অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দিতে চলেছে। নির্বাচনী প্রচারের সময় বারাকপুরের সভা থেকে মোদি বলেছিলেন, “আমাকে এ রাজ্যে আসতেই হচ্ছে”, সেই প্রতিশ্রুতিই অক্ষরে অক্ষরে পালিত হতে চলেছে শনিবার।

মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?

নতুন সরকার গঠনের দিনক্ষণ পরিষ্কার হলেও, কে বসছেন মুখ্যমন্ত্রীর আসনে, তা নিয়ে রহস্য এখনও জিইয়ে রেখেছে গেরুয়া শিবির। শমীক ভট্টাচার্য থেকে শুরু করে হেভিওয়েট কেন্দ্রীয় নেতারা কেউ এই বিষয়ে মুখ খোলেননি। বিজেপির অন্দরমহলের খবর, ব্রিগেডের মঞ্চেই হয়ত চমকপ্রদ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। পরিবর্তনের বাংলায় এক নতুন অধ্যায়ের সূচনালগ্নে দাঁড়িয়ে এখন গোটা বাংলার চোখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। রবীন্দ্রজয়ন্তীর সকালে ব্রিগেডের ময়দান কি সত্যিই নতুন বাংলার এক ইতিহাস লিখে ফেলবে? উত্তরের অপেক্ষায় এখন রাজ্যবাসী।

Related Articles