অসমে বিজেপির রাজকীয় হ্যাটট্রিক! হিমন্তের বিশাল জয়, দিশেহারা কংগ্রেস
গত বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি, মন্ত্রী প্রশান্ত ফুকন-সহ আরও একাধিক হেভিওয়েট নেতা।
Truth of Bengal: অসমে ফের একবার গেরুয়া ঝড়। বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক করে তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি। ভোট গণনার সর্বশেষ প্রবণতা অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি কেন্দ্র থেকে প্রায় ৯০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। রাজ্যের রাজনৈতিক মহলে এই ফলাফলকে বিজেপির ঐতিহাসিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ঘোষিত ৭৬টি আসনের মধ্যে ৭১টিতেই জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, কংগ্রেস পেয়েছে মাত্র ৪টি আসন। এছাড়া ইউডিএফ এবং তৃণমূল একটি করে আসনে জয় পেয়েছে। পাশাপাশি, প্রবণতা অনুযায়ী বিজেপি জোট এগিয়ে রয়েছে আরও ৩০টি আসনে। কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ১৭টি আসনে। সব মিলিয়ে এনডিএ যে সেঞ্চুরি পার করতে চলেছে, তা কার্যত নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির এই বিপুল জয়ের তালিকায় রয়েছেন একাধিক পরিচিত মুখ। জয়ী হয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি ভবেশ কলিতা, গত বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি, মন্ত্রী প্রশান্ত ফুকন-সহ আরও একাধিক হেভিওয়েট নেতা।
অন্যদিকে কংগ্রেস শিবিরে এই নির্বাচনে বড় ধাক্কা। রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জোরহাট কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। এই আসন দীর্ঘদিন ধরে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ফলে গৌরব গগৈয়ের হার রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে গৌরব গগৈ জোরহাটে বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে পরাজিত হন। ১২ দফা গণনার পর তিনি ১৯,৬১৯ ভোটে পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত তিনি ২৩,১৮২ ভোটের ব্যবধানে পরাজিত হন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গৌরব গগৈ পেয়েছেন ৩৯,৪৯৪ ভোট, অন্যদিকে হিতেন্দ্রনাথ গোস্বামী পেয়েছেন ৫৯,১১৩ ভোট। এই ফলাফলে কংগ্রেসের নির্বাচনী কৌশল ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।এদিকে বিজেপির জয়ের খবর সামনে আসতেই গুয়াহাটিতে দলের কার্যালয়ে শুরু হয়েছে বিজয়োৎসব। বিজেপি কর্মী-সমর্থকেরা ঢাক-ঢোল বাজিয়ে, মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করছেন। অনেক জায়গায় দেখা গিয়েছে মিছিল ও স্লোগানে মুখর রাজ্যের বিভিন্ন প্রান্ত।
প্রসঙ্গত, নয় দফা গণনার পরেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়িতে ৪১,৭৯৮ ভোটে এগিয়ে ছিলেন। এরপর গণনা এগোতেই তাঁর জয় ব্যবধান আরও বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত প্রায় ৯০ হাজার ভোটে জিতে তিনি নিজের আসন ধরে রাখেন। অসমে টানা তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারই প্রথম বিজেপি এত বড় ব্যবধানে এবং এত ব্যাপকভাবে ক্ষমতায় ফিরছে। ফলে এই ফলাফল শুধু বিজেপির জন্য নয়, গোটা উত্তর-পূর্ব রাজনীতির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে।






