লা লিগার শিরোপা লড়াইয়ে টানটান উত্তেজনা! বার্সার উৎসবে জল ঢেলে দিলেন ভিনিসিয়াস
হার বা ড্র হলে এদিনই উৎসবে মাতত বার্সেলোনা, কিন্তু রিয়াল সেই সুযোগটাই কেড়ে নিল
Truth of Bengal: বার্সেলোনার অপেক্ষা ছিল শুধু এক রাতের। রিয়াল মাদ্রিদ যদি রবিবার পয়েন্ট হারাত, তাহলে আগেই খেতাব নিশ্চিত করে ফেলত বার্সেলোনা। তখন আসন্ন এল ক্লাসিকো হয়ে যেত শুধুই নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু সেই গল্প লিখতে দিল না রিয়াল মাদ্রিদ শিবির। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলেই এসপানিওলের মাঠ কর্নেলা এল পার্তে থেকে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল। এই জয়ের ফলে শিরোপা লড়াইয়ে অন্তত আরও এক সপ্তাহ টিকে থাকল উত্তেজনা। হার বা ড্র হলে এদিনই উৎসবে মাতত বার্সেলোনা, কিন্তু রিয়াল সেই সুযোগটাই কেড়ে নিল।
ম্যাচটা শুধু তিন পয়েন্টের লড়াই ছিল না, ছিল মানসিক চাপেরও পরীক্ষা। আগের ম্যাচের ধাক্কা সামলে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। তবে প্রথমার্ধে খেলায় তেমন ছন্দ ছিল না। উল্টে ম্যাচ থমকে যায় চোট আর বিতর্কিত সিদ্ধান্তে। ডিফেন্ডার ফারলাঁ মেন্দি চোট পেয়ে মাঠ ছাড়েন। আর এক ঘটনায় ভিএআর হস্তক্ষেপে লাল কার্ড বদলে হলুদ কার্ড দেখানো হয় এসপানিওলের ওমার এল হিলালিকে। বিরতির পরই ম্যাচের রং বদলে যায়। ঠিক দশ মিনিটের মাথায় শুরু হয় ভিনিসিয়াসের ঝলক। ফেদেরিকো ভালভার্দের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এক চমৎকার ওয়ান-টু খেলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে নিখুঁত শটে গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। কিছুই করার ছিল না গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের।
আরও দশ মিনিট পর দ্বিতীয় আঘাত। এবার পাশে পান জুড বেলিংহামকে। ডিবক্সের কোণ থেকে নেওয়া জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস। দিমিত্রোভিচ আবারও অসহায় দর্শক। শেষ দিকে আরও সুযোগ তৈরি হলেও আর গোল হয়নি। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও বেলিংহামকে থামিয়ে দেন এসপানিওল গোলরক্ষক, না হলে ব্যবধান আরও বড় হতে পারত। এই জয়ের ফলে খেতাব লড়াই আরও টানটান হয়ে উঠল। এখন সব নজর এল ক্লাসিকোর দিকে। সেখানে জয় মানে লড়াই আরও দীর্ঘায়িত হওয়া, আর হার মানে হয়তো খেতাবের স্বপ্ন ভেঙে যাওয়া। ভিনিসিয়াসের রাত তাই শুধু একটি জয় নয়, রিয়ালের বেঁচে থাকার শ্বাস নেওয়ার সময়ও বটে।






