রাজ্যের খবর

২ তারিখ দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে পুনর্নির্বাচন, কড়া কমিশন

কমিশন সূত্রে জানা গিয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনরায় ভোট নেওয়া হবে।

Truth of Bengal: দ্বিতীয় দফার ভোট ঘিরে একাধিক অভিযোগের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। আগামী ২ মে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট বুথগুলিতে ভোটগ্রহণ চলবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনরায় ভোট নেওয়া হবে। প্রথম দফায় উল্লেখযোগ্য অভিযোগ না থাকলেও, দ্বিতীয় দফার ভোট মিটতেই মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠে। এই অভিযোগগুলি মূলত দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্র—ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট এবং বজবজ এলাকা থেকে আসে।অভিযোগের পরিসংখ্যান অনুযায়ী, ফলতা থেকে ৩২টি, ডায়মন্ড হারবার থেকে ২৯টি, মগরাহাট থেকে ১৩টি এবং বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়ে।

কোথাও ইভিএম মেশিনে টেপ লাগানো, কোথাও আতর ব্যবহার করে যন্ত্রে প্রভাব ফেলার চেষ্টা, আবার কোথাও সিসিটিভি ক্যামেরা ঢেকে দেওয়ার অভিযোগ উঠে আসে।ভোটের শেষ লগ্নে আরও একটি গুরুতর অভিযোগ জমা পড়ে কমিশনের কাছে। অভিযোগে বলা হয়, ভোটারদের জামার পকেটে স্পাই ক্যামেরা রেখে তাঁদের ভোটদানের পছন্দ জানার চেষ্টা করা হচ্ছিল। বিশেষ করে মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার এলাকা থেকে এই অভিযোগ সামনে আসে।ঘটনার গুরুত্ব বিবেচনা করে কমিশন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে সরেজমিন তদন্তে পাঠায়। বৃহস্পতিবার তিনি সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টের ভিত্তিতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles