কলকাতা

ভোট দিতে ৭৫০ ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল? ছাপ্পার নয়া ছক নিয়ে বিস্ফোরক শুভেন্দু

পরাজয়ের ভয়ে প্রলাপ বকছেন শুভেন্দু! ‘ভিত্তিহীন’ দাবি উড়িয়ে পাল্টা তোপ কাউন্সিলর দেবলীনার

Truth of Bengal: ভোটের লড়াইয়ে এবার ঢুকে পড়ল ‘নকল আঙুল’! বুধবার দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগের দিন ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ভোটে কারচুপি করতে এবং ছাপ্পা ভোট দিতে ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস সাড়ে ৭০০ নকল আঙুল কিনেছেন। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির।

মঙ্গলবার একটি কৃত্রিম আঙুলের ছবি দেখিয়ে শুভেন্দু দাবি করেন, তৃণমূল কর্মীরা বুথে গিয়ে এই নকল আঙুল পরে ভোট দেবেন। আঙুলে কালি দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে সেই প্লাস্টিকের আবরণ খুলে ফেলে আবারও ভোট দিতে ঢুকবেন তাঁরা। শুভেন্দুর ভাষায়, “নিকৃষ্ট মানের ভোট চোর! সাড়ে ৭০০ নকল আঙুল কিনেও লাভ হবে না, ধরা পড়ে গিয়েছে। ৪ তারিখ গণনা পর্যন্ত তৃণমূলকে কীভাবে ছোটাতে হয়, তা আমার জানা আছে।” এর পাশাপাশি শুভেন্দুর আরও দাবি, ভবানীপুরে ৩,৮১০টি বুথ স্লিপ বিএলও-দের কাছ থেকে ফেরত এসেছে, যাদের হদিশ মেলেনি। এই ‘ভুতুড়ে’ ভোটারদের তালিকাও তাঁর এজেন্টদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পাল্টা জবাবে তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বলেন, “গণতন্ত্রে এভাবে কেউ কখনও ভোট দিতে পারে না। পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি প্রার্থী এসব অবাস্তব ও ভিত্তিহীন গল্প ফাঁদছেন।” শুভেন্দু অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, “বুধবার সকালে আগে ভোট দিন, পরে প্রাতরাশ করবেন। মানুষ পরিবর্তনের পক্ষে মুখিয়ে আছে।” নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক ও আধিকারিকদের সক্রিয়তা এবং জনগণের জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এখন সময়ের অপেক্ষা, এমনই দাবি বিজেপির এই হেভিওয়েট প্রার্থীর। ভোটের আগের দিন ভবানীপুরের অলিগলিতে এখন এই ‘নকল আঙুল’ রহস্য ঘিরেই তুঙ্গে রাজনৈতিক তরজা।

Related Articles