‘আপে বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে’, দলবদলের পর নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা
গত সপ্তাহে বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘব চাড্ডার ইনস্টাগ্রামে একদিনেই প্রায় ১০ লক্ষ ফলোয়ার কমে যায়।
Truth of Bengal: আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা। দলবদল ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া বিতর্ক এবং প্রশ্নের জবাব দিতে সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় খোলাখুলি কথা বলেন তিনি। রাঘবের দাবি, তিনি যে আপ দলে যোগ দিয়েছিলেন, এখন সেই দল আর আগের মতো নেই। সময়ের সঙ্গে সঙ্গে দলের কাজের ধরন এবং অভ্যন্তরীণ পরিবেশ আমূল বদলে গিয়েছে বলেই অভিযোগ তাঁর।
গত সপ্তাহে বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘব চাড্ডার ইনস্টাগ্রামে একদিনেই প্রায় ১০ লক্ষ ফলোয়ার কমে যায়। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। সেই পরিস্থিতিতেই তরুণ ভোটারদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করতে ভিডিও বার্তা দেন রাঘব। সেখানে তিনি বলেন, ‘আজ এই দল আর পুরনো দল নেই। এখন দলের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। কাজ করতে দেওয়া হয় না, সংসদে কথা বলতে বাধা দেওয়া হয়।’
নিজেকে আপের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন বলে দাবি করে রাঘব বলেন, রাজনীতিকে পেশা বা কেরিয়ার বানানোর জন্য তিনি রাজনীতিতে আসেননি। তাঁর কথায়, ‘আমি রাজনীতি করতে আসিনি। নিজের রক্ত-ঘাম দিয়ে ১৫ বছরের তরুণ বয়স এই দলে দিয়েছিলাম। কিন্তু এখন মনে হয়, আমি ঠিক মানুষ, কিন্তু ভুল দলে ছিলাম।’ ভিডিও বার্তায় রাঘব জানান, দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তিনটি পথ ভেবেছিলেন। প্রথমত, রাজনীতি ছেড়ে দেওয়া। দ্বিতীয়ত, দলের ভিতরে থেকেই পরিবর্তনের চেষ্টা করা। তৃতীয়ত, অন্য কোনও রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেওয়া। শেষ পর্যন্ত তিনি তৃতীয় পথটাই বেছে নিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, ২৪ এপ্রিল রাঘব চাড্ডার সঙ্গে একযোগে আপের আরও ছ’জন রাজ্যসভা সাংসদ— অশোক কুমার মিত্তল, হরভজন সিং, সন্দীপ কুমার পাঠক, বিক্রমজিৎ সিং সাহনি, স্বাতী মালিওয়াল এবং রাজিন্দর গুপ্ত বিজেপিতে যোগ দেন। বর্তমানে তাঁরা বিজেপির ১১৩ জন রাজ্যসভা সাংসদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলত্যাগ প্রসঙ্গে রাঘব বলেন, ‘একজন ভুল হতে পারে, দু’জন ভুল হতে পারে। কিন্তু সাতজন ভুল হতে পারে না।’ তাঁর দাবি, এই সিদ্ধান্ত কোনও চাপ বা ভয় থেকে নয়। বরং দীর্ঘদিনের হতাশা, বিরক্তি এবং বীতশ্রদ্ধতার ফলেই তাঁরা দল ছাড়তে বাধ্য হয়েছেন।
তবে দল ছাড়লেও সাধারণ মানুষের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন না বলেই স্পষ্ট করে দিয়েছেন রাঘব। বরং তিনি আরও শক্তি নিয়ে মানুষের সমস্যা তুলে ধরবেন এবং সমাধানের জন্য লড়াই চালিয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে, বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে রাঘব চাড্ডা ব্যাখ্যা করেছেন ‘দীর্ঘদিনের বিভ্রান্তি ও অসন্তোষের পর নেওয়া কঠিন সিদ্ধান্ত’ হিসেবে। একই সঙ্গে জানিয়েছেন, রাজনৈতিক লড়াই থেকে তিনি সরে দাঁড়াবেন না।





