রাজ্যের খবর

ধেয়ে আসছে কালবৈশাখী! কোন কোন জেলায় বৃষ্টির ভ্রুকুটি আজ?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস।

Truth of Bengal: তীব্র দহনজ্বালা থেকে অবশেষে মুক্তি! চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় থাকা দক্ষিণবঙ্গবাসীর জন্য বড় সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, বইছে ঠান্ডা হাওয়া। আবহাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজই আছড়ে পড়তে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া-সহ ৯টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বিশেষত বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে আজ শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে, যা এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই টানা ঝড়বৃষ্টির প্রভাবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।