ডিজের শব্দে খেপল গরু! তৃণমূল প্রার্থী-সাংসদ গাড়িতে চড়তেই ফেলে দৌড়, আউশগ্রামে হুলস্থূল
আউশগ্রামে তৃণমূলের রোড-শো নিয়ে হাসির রোল
Truth of Bengal: পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূল প্রার্থীর বর্ণাঢ্য রোড-শো’তে ঘটল এক চরম বিপত্তি। প্রচারের অভিনবত্ব আনতে ‘ডিজিটাল’ গাড়ি ছেড়ে গরুর গাড়িতে সওয়ার হয়েছিলেন প্রার্থী, কিন্তু মাঝপথে গরু বেঁকে বসতেই সব পরিকল্পনা ভেস্তে গেল। প্রার্থীর ওজন না কি ডিজের আওয়াজ, ঠিক কী কারণে গরু ক্ষিপ্ত হল তা নিয়ে এলাকায় হাসির রোল উঠলেও, ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তৃণমূল প্রার্থী ও পূর্ব বর্ধমানের সাংসদ।
শনিবার সকালে আউশগ্রামের তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসাদ লোহারের সমর্থনে এই রোড-শো’র আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিলেন বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ শর্মিলা সরকার ও ব্লক সভাপতি আবদুল। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং গ্রামবাংলার চিরাচরিত সংস্কৃতিকে তুলে ধরতে বেলুন ও ফুলে সাজানো গরুর গাড়িতে চড়ে প্রচার শুরু হয়। কিন্তু মিছিল কয়েক পা এগোতেই বিপত্তি! ব্যান্ডের আওয়াজ আর মানুষের ভিড়ে মেজাজ হারায় গরু দুটি। জোয়াল ছিঁড়ে পালানোর চেষ্টা করতেই হেলে যায় গাড়ি। টাল সামলাতে না পেরে চলন্ত গরুর গাড়ি থেকে ছিটকে পড়েন প্রার্থী শ্যামাপ্রসাদ বাবু। বেসামাল হয়ে পড়েন সাংসদ শর্মিলা সরকারও।
তৃণমূল কর্মীরা তড়িঘড়ি ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ আবদুল লালন বলেন, “কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজেল-পেট্রোলের দাম বাড়িয়েছে, তাতে মানুষ গাড়ি চড়তে ভয় পাচ্ছে। তার প্রতিবাদ জানাতেই আমরা গরুর গাড়ির পরিকল্পনা করেছিলাম। তবে অনভিপ্রেত এই ঘটনায় প্রচারের তাল কিছুটা কাটল।”
এই ঘটনার পর আর ঝুঁকি নেননি নেতৃত্ব। ‘সংস্কৃতি’ বজায় রাখার চেয়ে জীবনের নিরাপত্তা বড় বুঝে তড়িঘড়ি গরুর গাড়ি ছেড়ে শীতাতপ নিয়ন্ত্রিত চারচাকার গাড়িতে উঠে পড়েন প্রার্থী ও সাংসদ। বাকি পথ সেই গাড়িতেই প্রচার সারা হয়। তবে ভোটের মুখে প্রার্থীর গরুর গাড়ি থেকে এই ‘পতন’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে।






