রাজ্যের খবর

ডায়মন্ড হারবারে ‘কমিশন-স্ট্রাইক’! সাসপেন্ড অতিরিক্ত সুপার ও তিন থানার আইসি

হোটেলের ‘গোপন বৈঠক’ না কি নিরপেক্ষতায় ব্যর্থ? ৫ পুলিশ আধিকারিককে একযোগে কোপ নির্বাচন কমিশনের

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার পুলিশ জেলায় নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়া এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও-সহ পাঁচ পুলিশ আধিকারিককে একযোগে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য, গত বুধবার ডায়মন্ড হারবারের একটি সরকারি হোটেল ‘সাগরিকা’-তে নির্বাচন কমিশনের নিযুক্ত এক পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর ‘গোপন বৈঠক’ হয়েছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ডেরেক ও’ব্রায়েন দাবি করেছিলেন, পর্যবেক্ষক পারমার স্মিত পরষোত্তমদাস সব প্রোটোকল ভেঙে বিজেপি প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল যে, এলাকায় তাদের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল এবং পুলিশ দাঁড়িয়ে সব দেখলেও কোনও পদক্ষেপ করছে না।

উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) রিপোর্টের ভিত্তিতে কমিশন এই পাঁচ আধিকারিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন:

  • সন্দীপ গড়াই (IPS): অতিরিক্ত পুলিশ সুপার, ডায়মন্ড হারবার।

  • সজল মণ্ডল: এসডিপিও, ডায়মন্ড হারবার।

  • মৌসম চক্রবর্তী: আইসি, ডায়মন্ড হারবার থানা।

  • অজয় বাগ: আইসি, ফলতা থানা।

  • শুভেচ্ছা বাগ: ওসি, উস্তি থানা।

কমিশন স্পষ্ট জানিয়েছে, এই আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং আপাতত তাঁদের নির্বাচনী কোনও কাজে যুক্ত করা যাবে না। এমনকি জেলা পুলিশ সুপার (SP) ঈশানী পালকেও সতর্ক করা হয়েছে। আজ, শনিবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশের পালান রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে।

Related Articles