রাজ্যের খবর

ভোটের কোপে সমুদ্র-বিলাস! বিকেলের মধ্যেই দিঘা-মন্দারমণি ছাড়ার নির্দেশ পর্যটকদের

২৩ এপ্রিল পর্যন্ত সৈকতে ‘নো এন্ট্রি’! মাইকিং শুরু করল পুলিশ

Truth of Bengal: ভোটের ডামাডোলে এবার কোপ পড়ল পর্যটনে! প্রথম দফার মহারণের আগে দিঘা, মন্দারমণি বা তাজপুরের সমুদ্রসৈকতে বসে সূর্যাস্ত দেখার পরিকল্পনা থাকলে তা বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে মঙ্গলবার বিকেলের মধ্যেই সমস্ত পর্যটককে দিঘা ছাড়ার ফরমান জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভোট শেষ না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য কার্যত ‘নো এন্ট্রি’ জোন হতে চলেছে পূর্ব মেদিনীপুরের এই জনপ্রিয় সৈকত শহরগুলি।

আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের হাই-ভোল্টেজ রামনগর বিধানসভা কেন্দ্র। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের মতো পর্যটন কেন্দ্রগুলি এই বিধানসভারই অন্তর্গত। কমিশনের আশঙ্কা, পর্যটকদের ভিড়ে মিশে ‘বহিরাগত’ রাজনৈতিক দুষ্কৃতীরা এলাকায় ঢুকে অশান্তি পাকাতে পারে। সেই ঝুঁকি এড়াতেই মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল ভোট শেষ না হওয়া পর্যন্ত হোটেল ও গেস্ট হাউসগুলিতে বহিরাগতদের থাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইতিমধ্যেই দিঘা মোহনা এবং মন্দারমণি উপকূল থানার পক্ষ থেকে সমুদ্রতীরে মাইকিং শুরু হয়েছে। সোমবার রাত থেকেই পর্যটকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে যে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁরা যেন এলাকা ছেড়ে চলে যান। হোটেলের মালিকদেরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই সময়ের পর কোনও ভিন জেলার বাসিন্দাকে ঘর ভাড়া দেওয়া যাবে না। এমনকি রাজনৈতিক প্রচারকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। নিয়ম লঙ্ঘন করলে ‘ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩’-এর ২২৩ নম্বর ধারায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে কমিশন।

কমিশনের এই নজিরবিহীন সিদ্ধান্তে কিছুটা হতাশ পর্যটকরা। তবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করছে প্রশাসন। হোটেলের বুকিং বাতিল হওয়ায় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশনের সাফ কথা, অবাধ ও সুষ্ঠু ভোট করাই এখন অগ্রাধিকার। ফলে পর্যটনের আনন্দ সরিয়ে রেখে দিঘা এখন আক্ষরিক অর্থেই পুলিশি প্রহরায় এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে।

Related Articles