রাজ্যের খবর

‘মমতা দিদি আর চলবে না, বিকাশ আনবে বিজেপি’, তৃণমূলকে তোপ নীতিন নবীনের

আর সেই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ শানালেন তিনি।

Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বিধানসভা ভোটের আগে শেষ রবিবারে বালুরঘাটে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। দলের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে শহরে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর সেই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ শানালেন তিনি।রবিবার বিকেলে বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে শুরু হয় বিজেপির রোড শো।

শহরের বাসস্ট্যান্ড, সাধনামোড়, ডানলপ মোড়, আন্দোলন সেতু, থানা মোড়-সহ একাধিক এলাকা ঘুরে শহর পরিক্রমা করে মিছিল। রোড শোয়ে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার-সহ দলের নেতৃত্ব।সভামঞ্চে নীতিন নবীন বলেন, “আর মমতা দিদি চলবে না। এ বার বিজেপির সরকার আসবে, আর বিকাশ নিয়ে আসবে।” তাঁর দাবি, বালুরঘাটে বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের প্রার্থীপদ ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ স্পষ্ট।

মহিলা সংরক্ষণ আইন নিয়েও তৃণমূলকে নিশানা করেন তিনি। নীতিনের বক্তব্য, “সংসদে মহিলা সংরক্ষণ আইন আটকানোর কাজ বিরোধীরা করেছে। এখানকার মুখ্যমন্ত্রীও তার বিরোধিতা করেছেন।”পশ্চিমবঙ্গের মহিলাদের উদ্দেশে তাঁর আবেদন, আগামী ভোটে তার জবাব দিতে হবে। নারী নিরাপত্তা প্রসঙ্গেও রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি নেতা। তাঁর কথায়, “মা-মাটি-মানুষের নামে সরকার চলছে, অথচ মা-বোনেদেরই অপমান করা হয়েছে। আমরা ভুলিনি কী ভাবে তাঁদের লাঞ্ছনা দেওয়া হয়েছে।”

ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি নিয়েও সরব হন নীতিন নবীন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, “আপনি কেন ইউসিসির বিরোধিতা করছেন? পশ্চিমবঙ্গের মানুষ কি নিজেদের অধিকার পাবে না?”অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে না।ভোটের মুখে বালুরঘাটে বিজেপির এই রোড শো ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles