রাজ্যের খবর

ফাঁসিদেওয়ায় অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ, দীর্ঘদিনের আতঙ্কের পর স্বস্তিতে বাসিন্দারা

মাঝেমধ্যেই উধাও হয়ে যাচ্ছিল গৃহপালিত গবাদিপশু

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফৌজিজোত এলাকায় খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। দীর্ঘদিনের আতঙ্কের পর চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুদিন ধরেই এই এলাকায় চিতাবাঘের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল, যার ফলে মাঝেমধ্যেই উধাও হয়ে যাচ্ছিল গৃহপালিত গবাদিপশু।

আতঙ্ক কাটাতে বনদপ্তরের কাছে খাঁচা বসানোর দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। সম্প্রতি ওই এলাকার একটি আনারস বাগান থেকে চিতাবাঘের শাবক উদ্ধার হওয়ায় আতঙ্ক আরও কয়েক গুণ বেড়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে গত দুদিন আগে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা একটি ব্যক্তিগত চা বাগানে খাঁচা পাতেন। অবশেষে সেই খাঁচায় টোপ গিলে ধরা পড়ে চিতাবাঘটি।

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় স্থানীয়রা সাময়িক স্বস্তি পেলেও তাদের আশঙ্কা যে এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে বনদপ্তরকে নিয়মিত টহলদারি চালানোর আবেদন জানিয়েছেন ফৌজিজোতের বাসিন্দারা।

Related Articles