রাজ্যের খবর

শিলিগুড়ির দামড়াগ্রামে পুলিশ অভিযানে ধুন্ধুমার! ইটবৃষ্টি- গাড়ি ভাঙচুর, জখম একাধিক পুলিশকর্মী

অবৈধ চামড়া কারবারের খোঁজে গিয়েই রণক্ষেত্র! এক নাবালক-সহ গ্রেফতার ৭, শিলিগুড়ি আদালতে তোলা হল ধৃতদের

Truth of Bengal: অবৈধ কারবারের অভিযোগে অভিযান চালাতে গিয়ে চরম বিক্ষোভ ও হামলার মুখে পড়ল পুলিশ। শিলিগুড়ির দাগাপুর এলাকার দামড়াগ্রামে পুলিশকে লক্ষ্য করে পরপর ইট ছোড়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের গাড়িচালক-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। ব্যাপক উত্তেজনার মাঝেই এই ঘটনায় এক নাবালক-সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির দাগাপুর এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে পশুর চামড়ার কারবার চালাচ্ছে, এমন খবর পৌঁছয় বজরং দলের সদস্যদের কাছে। তড়িঘড়ি বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বজরং দলের সদস্যদের সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। অভিযোগ, সেখানে পৌঁছতেই এলাকাবাসীর একাংশ এবং সংশ্লিষ্ট গোডাউনের কয়েকজনের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে।

এই হামলায় পুলিশের গাড়িচালক এবং শিলিগুড়ির প্রধাননগর থানার একাধিক পুলিশকর্মী জখম হন। বজরং দলের সদস্যদের ওপরেও চড়াও হয়ে হামলা চালানো হয়েছে বলে পাল্টা দাবি করেছেন সংগঠনের সদস্যরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরই এলাকায় নিয়ন্ত্রণ ফেরে। আহত পুলিশকর্মীদের চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে একজন নাবালক রয়েছে এবং ধৃত সকলেই স্থানীয় গ্রামের বাসিন্দা। পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে হাজির করানো হয়। এদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার এলাকায় মিছিল বের করা হয়।

Related Articles