খেলা

হোটেলের ঘরে ৪ অতিথিকে নিয়ে গিয়ে পিসিবির শাস্তির মুখে শাহিন শাহ আফ্রিদি

পঞ্জাব পুলিশ পাকিস্তান সুপার লিগের সিইও সলমন নাসিরকে চিঠি দিয়েছেন এবং এই ঘটনার তদন্ত করার অনুরোধ জানিয়েছেন।

Truth Of Bengal: পাকিস্তান সুপার লিগে লাহোর কলন্দর্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বর্তমানে বিতর্কের কেন্দ্রে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তিনি এইবার খবরের শিরোনামে এসেছেন হোটেলের একটি ঘটনায়। অভিযোগ উঠেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্পষ্ট নিষেধ অগ্রাহ্য করে তিনি হোটেলের ঘরে চারজন অতিথিকে নিয়ে যান, যা শাস্তির কারণ হতে পারে।

পঞ্জাব পুলিশ পাকিস্তান সুপার লিগের সিইও সলমন নাসিরকে চিঠি দিয়েছেন এবং এই ঘটনার তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের অনুমতি না থাকা সত্ত্বেও বাইরের চারজনকে ক্রিকেটারদের ঘরে প্রবেশ করানো হয়েছে, যেখানে তাঁরা প্রায় তিন ঘণ্টা ছিলেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই চারজন লাহোরের আরেক ক্রিকেটার সিকন্দর রাজার পরিচিত। প্রথমে লাহোরের পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুরক্ষা কর্মকর্তা অনুমতি চেয়েছিলেন, কিন্তু কোনও অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে লাহোরের মালিক সলমন রানা সিইও নাসিরের কাছে আবেদন করেন, তাতেও অনুমতি মেলেনি। সুরক্ষা এবং নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেন কর্মকর্তারা।

তারপরও শাহিন বাধ্য হননি এবং নিজের ইচ্ছায় চারজনকে হোটেলের ঘরে নিয়ে যান। পাকিস্তান লিগে বিদেশি ক্রিকেটারদের জন্য ইতিমধ্যেই একটি জঙ্গি সংগঠন হুমকি দিয়ে। ফলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। শাহিনের এই কর্মকাণ্ডকে পুলিশ উদ্বেগের সঙ্গে দেখছে, কারণ কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় কে নেবে? সেই প্রশ্ন উঠেছে।

এখন দেখার, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনার পর শাহিনের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়।