কলকাতা

নির্বাচন কর্মীদের জন্য বড় ঘোষণা কমিশনের, নতুন নির্দেশিকায় বাড়ানো হল ভাতা

মূলত ১৫ দিনের ডিউটি হিসেব করেই নতুন ভাতার কাঠামো তৈরি করা হয়েছে

Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বড়সড় সুখবর দিল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ থেকে গণনা, পুরো প্রক্রিয়াটিকে আরও সুষ্ঠু ও গতিশীল করতে নির্বাচন কর্মীদের ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এই মর্মে কমিশনের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে।


কমিশনের সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। পোলিং অফিসারদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। একইভাবে গণনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কাউন্টিং সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্টদের জন্য ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা পর্যন্ত পারিশ্রমিক ধার্য করা হয়েছে।

ভাতা বৃদ্ধির এই তালিকায় বাদ যাননি ডাটা এন্ট্রি অপারেটর, মাইক্রো অবজার্ভার এবং অন্যান্য কর্মীরাও। এমনকি নির্বাচনী ডিউটির সময় কর্মীদের খাওয়া-দাওয়া বা প্যাকড লাঞ্চ ও রিফ্রেশমেন্টের জন্যও আলাদা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে, যা আগে ২০০ টাকা থাকলেও এখন বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। কন্ট্রোল রুম বা কল সেন্টারে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য এককালীন ১০০০ টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা আগে ছিল মাত্র ২০০ টাকা।

সাধারণ নির্বাচন কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ক্ষেত্রেও ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সিআরপিএফ কর্মীদের এককালীন ভাতা ১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। মূলত ১৫ দিনের ডিউটি হিসেব করেই এই নতুন ভাতার কাঠামো তৈরি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

Related Articles