বালুরঘাটের খুদে ফুটবলারের ব্রাজিল যাত্রা, গোলকিপার হওয়ার স্বপ্নে পাখা মোহনের
এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোহন
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: ছোট শহর থেকে বড় স্বপ্ন—সেই পথেই হাঁটতে শুরু করেছে বালুরঘাটের খুদে ফুটবলার মোহন ঘোষ। গোলকিপার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে এবার সে পাড়ি দিচ্ছে ফুটবলের দেশ ব্রাজিলে ট্রেনিং নিতে।
বালুরঘাট ব্লকের পতিরাম এলাকার বাসিন্দা মোহন বর্তমানে ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে পড়াশোনা করে পতিরাম উচ্চ বিদ্যালয়ে। কয়েক মাস আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত এক বিশেষ ফুটবল ট্রায়াল ক্যাম্পে অংশ নেয় সে।
সেই ক্যাম্পে দেশের এক খ্যাতনামা কোচের তত্ত্বাবধানে বহু প্রতিভার মধ্যে থেকে বেছে নেওয়া হয় ১১ জনকে, যাঁদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই তালিকার এক খেলোয়াড় শ্রীলঙ্কায় ট্রেনিং সেরে ফিরেছে। এবার গোলকিপার হিসেবে নিজের দক্ষতা ঝালিয়ে নিতে ব্রাজিল যাচ্ছে মোহন। জানা গিয়েছে, বালুরঘাট থেকে প্রথমে মুম্বই যাবে সে। সেখানে কয়েকদিনের প্রস্তুতি পর্বের পর সেখান থেকেই উড়ান ব্রাজিলের উদ্দেশে। এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোহন।
তার কথায়, “কয়েক মাস আগে ট্রায়ালে সুযোগ পেয়েছিলাম। এখন ব্রাজিলে ট্রেনিং নিতে যাচ্ছি—খুবই ভালো লাগছে। চেষ্টা করব নিজের সেরাটা দিতে। ”ছেলের এই সাফল্যে গর্বিত মা অপর্ণা ঘোষ। তিনি জানান, ২০২৫ সালে টাউন ক্লাব মাঠে হওয়া ওই ট্রায়াল থেকেই মোহন নির্বাচিত হয়। “ছেলে বিদেশে যাচ্ছে, খুবই আনন্দের,” বললেন তিনি। এই উদ্যোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “কয়েক মাস আগে আমরা ট্রায়ালের আয়োজন করেছিলাম। ১১ জনকে বেছে নেওয়া হয়। ইতিমধ্যেই একজন শ্রীলঙ্কা থেকে ট্রেনিং নিয়ে ফিরেছে। এবার মোহন ব্রাজিলে যাচ্ছে, ও মূলত গোলকিপার হিসেবেই ট্রায়াল দিয়েছিল, সেই লক্ষ্যেই এগোচ্ছে।”






