বাংলায় কেন ফের চাই তৃণমূল সরকার? ময়নাগুড়ির সভা থেকে ব্যাখ্যা দিলেন মমতা
Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ময়নাগুড়ির সভা থেকে তিনি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন কেন চতুর্থবারের জন্য তৃণমূল সরকারের প্রয়োজন রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় রাজ্যের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প যেমন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন ও শিক্ষার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “তৃণমূল এলে যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বিনামূল্যে বাচ্চাদের শিক্ষা পাবেন। বিনামূল্যে রেশন পাবেন। সকলে ফ্রি তে চিকিৎসা পাবেন।” তাঁর দাবি, সরকার যা বলে তা-ই করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না তৃণমূল। ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির ঘোষণা হলেও আগেই বর্ধিত টাকা মানুষ পেয়ে গিয়েছেন বলেও জানান তিনি।
এরপর বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। নোটবন্দি, এসআইআর, এনআরসি-সহ একাধিক ইস্যু তুলে ধরে তিনি বলেন, “নোটবন্দির লাইনের কথা মনে আছে? বিজেপি এত হিংসুটে দল যে বহু মহিলার নাম কেটে দিয়েছে। অনেক রাজবংশী মানুষকে বাদ দেওয়া হয়েছে। এনআরসির নোটিস পাঠানো হয়েছে বহু মানুষকে। এসআইআরের লাইনে ২২০ জনের মৃত্যু হয়েছে। ওদের আত্মা কাঁদছে। এর জবাব দিতে হবে।”
পেট্রোলের দাম বৃদ্ধির প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, “আবার পেট্রোলের দাম বেড়েছে। সবকিছুর দাম বাড়ছে। কিন্তু এখন আমার হাতে কিছু নেই। আমার হাতে যা আছে তা হলো মানুষ।” কমিশনের নোটিফিকেশন, বিজেপির ভূমিকা এবং মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ—এসব নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।






