গাড়ি নয়, নিজের পায়েই ১২ কিমি দৌড়! অভিষেকের সভায় যোগ দিতে ‘ম্যারাথন’ তৃণমূল প্রার্থীর
৫৫ বছর বয়সি প্রার্থীর এই 'ম্যারাথন' প্রচার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে
Truth of Bengal: ভোটের ময়দানে কেউ বেছে নিচ্ছেন হুডখোলা গাড়ি, কেউ বা হেঁটে জনসংযোগ। কিন্তু পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি দেখালেন এক অভিনব কায়দা। বুধবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গাড়ি নয়, নিজের পায়েই প্রায় সাড়ে ১২ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিলেন তিনি। ৫৫ বছর বয়সি প্রার্থীর এই ‘ম্যারাথন’ প্রচার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এদিন সকালে দাঁতন ১ নম্বর ব্লকের মনোহরপুর দলীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করেন রামজীবনবাবু। সাদা জগিং কস্টিউম পরে হাইরোড দিয়ে যখন তিনি দৌড়চ্ছেন, তাঁর পিছনে বাইক মিছিল করে স্লোগান দিচ্ছিলেন উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা। গন্তব্য ছিল দাঁতনের ঘোলাই মাঠ, যেখানে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের নির্বাচনী জনসভা। দীর্ঘ সাড়ে ১২ কিলোমিটার পথ অতিক্রম করতে প্রার্থীর ফিটনেস দেখে অবাক হয়েছেন সাধারণ মানুষও।
পেশায় শিক্ষক রামজীবন মান্ডি আদতে একজন ক্রীড়াপ্রেমী মানুষ। দীর্ঘকাল ধরে খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকায় শরীরচর্চা তাঁর নেশা। গত মাসেই একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। তাই ভোটের ব্যস্ত প্রচারের মাঝেও নিজের ফিটনেস বজায় রাখতে এবং অভিনব উপায়ে মানুষের নজর কাড়তে এই কৌশল নিয়েছেন তিনি। প্রার্থীর কথায়, “সকাল সকাল শরীরচর্চাও হয়ে গেল, আবার হাইরোড দিয়ে দৌড়ে যাওয়ার সময় প্রচুর সাধারণ মানুষের সঙ্গে দেখা ও জনসংযোগও সারা হল। এতে মন ও শরীর দুই-ই চনমনে থাকে।”
কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রে এবার বড় বদল এনেছে তৃণমূল কংগ্রেস। দুবারের জয়ী বিধায়ক পরেশ মুর্মুকে সরিয়ে এবার ভরসা রাখা হয়েছে এই ‘ফিট’ শিক্ষক-প্রার্থীর ওপর। এখন দেখার, হাইরোডের এই দৌড় তাঁকে বিধানসভার অলিন্দ পর্যন্ত পৌঁছে দিতে পারে কি না।






