দেশ

দিল্লি বিধানসভা ও মেট্রো স্টেশন ওড়ানোর হুমকি, ইমেল ঘিরে চাঞ্চল্য রাজধানীতে

দিল্লি বিধানসভায় স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়

Truth Of Bengal: ফের দিল্লিতে বোমা হামলার হুমকি। মঙ্গলবার বিধানসভায় বাজেট পেশের আগেই বিধানসভা স্পিকার জয়েন্দ্র গুপ্তর কাছে আসে হুমকি ইমেল। আর সেখানেই লেখা হয়, বিধানসভা ভবন এবং দিল্লি মেট্রো স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

শুধু তাই নয় সেইসঙ্গে এই হুমকি ইমেলে কয়েকজন উচ্চপ্রোফাইল নেতার উল্লেখও ছিল। তাদের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং মন্ত্রী মঞ্জিন্দর সিং সরসার –সহ একাধিক শীর্ষ নেতৃত্বের নাম। স্বাভাবিকভাবেই এই ইমেল আসতেই দিল্লি জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। খবর পেয়েই দিল্লি বিধানসভায় স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। হুমকি ইমেল জেরে দিল্লি জুড়ে জারি হয়েছে সর্তকতা।

এই ইমেল প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, একটি হুমকি ইমেল সকাল ৭ টা ৪৯ নাগাদ বিধানসভার স্পিকারের অফিসিয়াল ইনবক্সে আসে। এরপর আরেকটি ইমেল সকাল ৭টা ২৮ মিনিটে দিল্লি বিধানসভার ইমেইল অ্যাকাউন্টে আসে। উভয় ইমেইলে দিল্লি বিধানসভা এবং মেট্রো স্টেশনগুলি বোমা হামলার হুমকির কথা বলা হয়।

এর জেরে ব্যাপক চাঞ্চল্য রাজধানীতে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। জারি হাই অ্যালার্ট। সম্ভাব্য সমস্ত এলাকায় চলছে তল্লাশি। কোথা থেকে এসেছে এই হুমকি ইমেল তা স্পষ্ট নয়। আইপি অ্যাড্রেস খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখন মেলেনি কোন সন্দেহজনক। তাই এই মেলটি ভুয়ো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এরআগেও একাধিকবার এমন বোমা হামলার হুমকি ই-মেল আসার ঘটনা ঘটেছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles