খেলা

ভালোবাসার সংসারে নতুন অতিথি: দীনেশ ও দীপিকার কোল আলো করে এল ছোট্ট রাহা

সব কিছুর মাঝেই এই পরিবার খুঁজে নিয়েছে নিজেদের সুখের ঠিকানা

Truth Of Bengal: একটা ঘর, যেখানে হাসি আগেই ছিল—এবার সেখানে যোগ হল আরও একটুকরো আনন্দ। দীনেশ কার্তিক এবং দীপিকা পাল্লিকালের জীবনে এল নতুন অতিথি—তাঁদের কন্যা রাহা। দুই যমজ পুত্র কবীর ও জিয়ানের পরে এবার পরিবারের কনিষ্ঠ সদস্য হিসাবে রাহার আগমন যেন এই পরিবারের গল্পে নতুন অধ্যায় লিখল।

সোশ্যাল মাধ্যমে সুখবরটি জানাতে গিয়ে দম্পতির আবেগ যেন শব্দ ছাপিয়ে গিয়েছিল। কৃতজ্ঞতা আর ভালবাসায় ভরা সেই বার্তায় ছিল একটাই সুর— পরিবার এখন আরও পূর্ণ। বড় দুই ভাইও নাকি তাদের ছোট বোনকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত।
২০১৫ সালে দুই ভিন্ন ধর্মের আচার মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীনেশ ও দীপিকা। সেই সম্পর্কের পথচলায় ২০২১ সালে আসে যমজ সন্তান, আর এবার রাহা—যেন সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার পরিধিও বেড়েই চলেছে।

মাঠের লড়াই থেকে এখন দূরে দীনেশ কার্তিক, কিন্তু ক্রিকেটের সঙ্গে তাঁর যোগ এখনও অটুট। খেলোয়াড়ি জীবনের দীর্ঘ অভিজ্ঞতা এখন তিনি ভাগ করে নিচ্ছেন নতুন প্রজন্মের সঙ্গে, কোচিংয়ের দায়িত্বে থেকে। অন্যদিকে দীপিকা পাল্লিকাল নিজের কোর্টের লড়াইয়েও এক উজ্জ্বল নাম—ভারতের স্কোয়াশ ইতিহাসে যাঁর অবদান অনস্বীকার্য।

খেলা, সাফল্য, ব্যস্ততা—সব কিছুর মাঝেই এই পরিবার যেন বারবার খুঁজে নিয়েছে নিজেদের সুখের ঠিকানা। আর রাহার আগমনে সেই ঠিকানা আজ আরও একটু উজ্জ্বল, আরও একটু পূর্ণ।