দেশ

বিহারে মেসের খাবার খেয়ে অসুস্থ ১০০-র বেশি পুলিশ

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে রাতেই তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Truth Of Bengal: বিহারের বাঁকা জেলায় পুলিশ লাইনের মেসের খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন ১০০-রও বেশি পুলিশকর্মী। শুক্রবার রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ডিউটি শেষ করে রাতে মেসে খাবার খাওয়ার পরেই কয়েকজন পুলিশকর্মী শারীরিক অসুস্থতা অনুভব করতে শুরু করেন।

ধীরে ধীরে তাঁদের মধ্যে অনেকেরই পেটব্যথা ও বমি শুরু হয়। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে রাতেই তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ পুলিশকর্মীদের ভর্তি করা হয়েছে বাঁকা সদর হাসপাতাল-এ। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জেলাশাসক নভদীপ শুক্লা এবং অসুস্থদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

পরে ভাগলপুর রেঞ্জের আইজি বিবেক কুমারও হাসপাতালে গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে অসুস্থ পুলিশকর্মীদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের। সব কিছু ঠিক থাকলে শনিবারের মধ্যেই অনেককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মেসের খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, আপাতত পুলিশ লাইনের মেসে অন্য জায়গা থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Related Articles