নামে এফআইআর থাকলেও আটকানো যাবে না বিদেশযাত্রা! পাসপোর্টের অধিকার নিয়ে রায় কোর্টের
আদালতের মতে, প্রশাসনের কোনও সিদ্ধান্ত যদি নাগরিকের এই অধিকারে প্রভাব ফেলে, তবে তা অবশ্যই যুক্তিসঙ্গত ও প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
Truth of Bengal: কোনও ব্যক্তির নামে এফআইআর থাকলেই তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা বা বিদেশযাত্রার অধিকার বন্ধ করে দেওয়া যাবে না— এমনটাই স্পষ্ট বার্তা দিল দিল্লি হাই কোর্ট। আদালত বলেছে, বৈধ পাসপোর্ট থাকা এবং বিদেশে ভ্রমণের অধিকার সংবিধানপ্রদত্ত ব্যক্তিস্বাধীনতার অংশ। ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আইনসম্মত ও ন্যায়সংগত প্রক্রিয়া ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। আদালতের মতে, প্রশাসনের কোনও সিদ্ধান্ত যদি নাগরিকের এই অধিকারে প্রভাব ফেলে, তবে তা অবশ্যই যুক্তিসঙ্গত ও প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
এই মামলায় রাহেজা ডেভলপার্সের প্রাক্তন কর্তা যোগেশ রাহেজা পাসপোর্ট নবীকরণের আবেদন করেন। অভিযোগ, আবেদন করার সময় তাঁর নামে একটি এফআইআর বিচারাধীন রয়েছে— এই তথ্য তিনি উল্লেখ করেননি। এর ভিত্তিতে কেন্দ্রীয় কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় এবং সেই আদেশ অনুমোদিতও হয়। পরবর্তীতে তাঁর আপিলও খারিজ করা হয়। তবে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব কেন্দ্রের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন। আদালত পর্যবেক্ষণ করে জানায়, শুধু এফআইআর দায়ের হওয়া মানেই এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এমন কোনও বিচারপ্রক্রিয়া চলছে যা পাসপোর্ট বাতিলের ভিত্তি হতে পারে।
যদি কোনও আদালত এখনও অপরাধটি গ্রহণ না করে থাকে, তাহলে শুধুমাত্র এফআইআরকে অজুহাত করে পাসপোর্ট বাজেয়াপ্ত করা ঠিক নয়। এছাড়া দেখা যায়, পাসপোর্ট নবীকরণের আবেদন গ্রহণ করা হয়েছিল বাজেয়াপ্তের নির্দেশ জারির পরেও। ফলে প্রশাসনের পদক্ষেপ আইনি বিচারে টেকেনি বলে মত দেয় আদালত। সবশেষে, সংশ্লিষ্ট দুই দফার সরকারি আদেশ বাতিল করে দেয় দিল্লি হাই কোর্ট এবং জানিয়ে দেয়— ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষায় আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি।






