লন্ডনের রাস্তায় একসাথে কৃতী-কবীর! প্রাক-মধুচন্দ্রিমা নাকি কেবলই ছুটি? জল্পনা তুঙ্গে
এর আগে গ্রিসে কৃতীর জন্মদিনের ছুটি কাটানোর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই কবীরের সঙ্গে তাঁর নাম জড়াতে শুরু করে।
Truth Of Bengal: বলিউড অভিনেত্রী কৃতী স্যানন এবং তাঁর চর্চিত প্রেমিক কবীর বাহিয়ার প্রেমকাহিনি নিয়ে ফের উত্তাল বি-টাউন। সম্প্রতি লন্ডনের রাস্তায় এই জুটিকে একান্ত যাপনে লেন্সবন্দি করা হয়েছে, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে। যদিও কৃতী বা কবীর— কেউই তাঁদের সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি, তবে লন্ডনের রাজপথে একে অপরের হাত ধরে হাঁটার এই ভাইরাল দৃশ্য নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওতে কৃতীকে দেখা গিয়েছে বাদামি হাইনেক টিশার্ট, ডেনিম জিনস এবং পিচ-পিঙ্ক জ্যাকেটে; অন্যদিকে কবীর পরেছিলেন নেভি ব্লু জিনস ও জ্যাকেট।
View this post on Instagram
কবীর বাহিয়া লন্ডনের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত কয়েকমাস ধরেই তাঁদের বিয়ের জল্পনা শোনা যাচ্ছে। এমনকি অনেকে একে তাঁদের ‘প্রাক-মধুচন্দ্রিমা’ সফর হিসেবেও অভিহিত করছেন। এর আগে গ্রিসে কৃতীর জন্মদিনের ছুটি কাটানোর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই কবীরের সঙ্গে তাঁর নাম জড়াতে শুরু করে। পরবর্তীতে কৃতীর বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে উদয়পুরেও কবীরকে সপরিবারে দেখা গিয়েছিল, যা থেকে অনেকেই অনুমান করছেন যে দুই পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ গভীর।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটির সত্যতা ও সময়কাল নিয়ে নেটিজেনদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকেই কৃতীর বর্তমান হেয়ারস্টাইল এবং ভিডিওর লুক মিলিয়ে দেখার চেষ্টা করছেন এটি ঠিক কবেকার ভিডিও। তবে বর্তমানে কৃতী লন্ডনেই রয়েছেন বলে জানা গিয়েছে। একের পর এক অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে আসায় অনুরাগীরা মনে করছেন, এবার হয়তো লুকোছাপা ছেড়ে খুব শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে স্যানন পরিবারে।






