কলকাতা

চিৎপুরে ভয়াবহ আগুন! বন্ধ কেমিক্যাল কারখানা থেকে ছড়াল লেলিহান শিখা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টা নাগাদ ওই বন্ধ কারখানা থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায়।

Truth of Bengal: ছুটির দিন দুপুরে চিৎপুরের নবাবপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল। একটি বন্ধ রাসায়নিক কারখানায় আগুন লেগে তা দ্রুত আশপাশের কয়েকটি কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোট ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টা নাগাদ ওই বন্ধ কারখানা থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।

কারখানাটির একতলায় কেমিক্যালের গুদাম এবং দোতলায় জামাকাপড়ের গুদাম ছিল বলে জানিয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় আশপাশের কারখানাগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে। দমকলের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এলাকা জুড়ে দীর্ঘক্ষণ ধোঁয়া ছড়িয়ে ছিল।