রাজ্যের খবর

লক্ষাধিক টাকার গহনা চুরির ঘটনায় গ্রেফতার ৪ 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার বাদকুল্লা নতুন পাতুয়া এলাকার এক মহিলা তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Truth Of Bengal: লক্ষ লক্ষ টাকার গয়না চুরির ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কিনারা করল তাহেরপুর থানার পুলিশ। শুধু চুরির রহস্যভেদই নয়, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া গয়না কেনার অভিযোগে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের তৎপরতায় স্বস্তিতে অভিযোগকারী পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার বাদকুল্লা নতুন পাতুয়া এলাকার এক মহিলা তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, আত্মীয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

সেই সুযোগে দুষ্কৃতীরা তাঁর বাড়ির তালা ভেঙে নগদ ১৮ হাজার টাকা এবং প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা চুরি করে পালিয়ে যায়।অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। প্রথমে বাদকুল্লা নতুন পাতুয়া এলাকা থেকে রাজু প্রামানিক নামে এক অভিযুক্তকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অজয় শীল ও মিলন বিশ্বাস নামে আরও দুই অভিযুক্তকে নোয়াপুকুর পাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের জেরা করে চুরি যাওয়া গহনা কেনার অভিযোগে পূর্ব বাদকুল্লা এলাকা থেকে সুশান্ত কর্মকার নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গহনা উদ্ধার হয়েছে। পাশাপাশি নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Related Articles