অফবিটস্বাস্থ্য

খাওয়ার পাতেও সঙ্গী শুধু স্মার্টফোন! ভারতীয়দের খাদ্যাভ্যাস নিয়ে নয়া সমীক্ষা

৩১টি দেশের ৩১ হাজার মানুষের ওপর সমীক্ষা চালানো হয়।

Truth Of Bengal: ভারতীয়রা দেরি করে রাতের খাবার খেতে অভ্যস্ত হয়ে উঠেছেন। তবে কোন খাবার কত পরিমাণে খাবেন সে বিষয় নির্দিষ্ট বিচার বিবেচনা আছে ভারতীয়দের। আইকেইএ নামক আন্তর্জাতিক সংস্থার করা নিউ কুকিং অ্যান্ড ইটিং স্টাডি নামক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। বাড়িতে মানুষ কীভাবে থাকে ও কী খায় এনিয়ে সমীক্ষা চালানো হয়। ৩১টি দেশের ৩১ হাজার মানুষের ওপর সমীক্ষা চালানো হয়।

সমীক্ষায় দেখা গেছে, ভারতে ক্রমশ ডাইনিং টেবিলে একসঙ্গে বসে সবাই মিলে খাওয়াদাওয়া করার ধারণা বদলে যাচ্ছে। কম সংখ্যক ভারতীয়রাই আজকাল ডাইনিং টেবিলে বসে নয় সোফা বা বিছানায় বসে টিভি দেখতে দেখতে খাবার খেতে পছন্দ করেন। খেতে খেতে প্রতি ৫ জনের মধ্যে একজন ভারতীয় স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করতে পছন্দ করেন। খাওয়ার খাওয়া থামিয়েও চলে মোবাইল ফোন নিয়ে খুটুরখুটুর করা।

সমীক্ষায় দেখা গেছে, ভারতীয়দের কাছে রান্নাঘর হল থেরাপি রুম হিসাবে পরম আশ্রয়। অনেক ভারতীয় পরিবারের সব সদস্যরা মিলে রান্নাবান্না একসঙ্গে করতে ভালোবাসে। বেশিরভাগ ভারতীয় ভেবেচিন্তে রান্না করতে পছন্দ করেন। রান্না করার সময় খাবার বা জল অপচয় করা অপছন্দ। স্থানীয় ভাবে উৎপন্ন টাটকা শাকসবজি ও মশলা দিয়ে রান্না করতে পছন্দ করেন ভারতীয়রা। তেমনই রান্নার সময় জ্বালানি বাঁচানোর দিকে সজাগ দৃষ্টি থাকে। প্রেসার কুকার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক্যাল কেটেল, কফি মেশিন, ননস্টিক কুকওয়্যার, এয়ার ফ্রায়ারের মতো জ্বালানি ও বিদ্যুৎ বাঁচানো ছোট রান্নাঘরের সরঞ্জাম ব্যবহার করতে বেশি পছন্দ করেন ভারতীয়রা।

ফ্ল্যাটের বাসিন্দা আধুনিক ভারতীয়রা জায়গার অভাবে ছোট্ট রান্নাঘর কিন্তু স্মার্ট স্টোরেজ রয়েছে এমন পছন্দ করেন। বেশিরভাগ ভারতীয়র কাছে রান্নাবান্না হল ভালোবাসার প্রকাশ। ভারতীয়দের কাছে, ‘তুমি খেয়েছো তো?’, এটা শুধু সাধারণ প্রশ্ন নয়। প্রিয়জনের প্রতি ভালোবাসা, সহমর্মিতার প্রকাশ। প্রতি ১০ জনের মধ্যে ৪ জন ভারতীয় মনে করেন বাড়িতে অতিথিকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানানোর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া মজবুত হয়। নতুন রকমের খাবারের পদের স্বাদ নিতে ভারতীয়রা খুবই আগ্রহী থাকেন। রান্না করতে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন ভারতীয়রা। তেমনই মুখরোচক ভাজাভুজি খাবারের পাশাপাশি মায়ের হাতের ঘরোয়া খাবার খেতেও পছন্দ করেন ভারতীয়রা।