১৫ ফেব্রুয়ারির মধ্যে ‘কৃষক বন্ধু’র অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষি বিপণন দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা।
Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কৃষকবন্ধু প্রকল্পের অর্থ দ্রুত কৃষকদের হাতে পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার। বুধবার নবান্নে কৃষিদফতরের পর্যালোচনা বৈঠকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন, খরিফ মরসুমের বরাদ্দ অর্থ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা। জেলার কৃষি আধিকারিকরা ভার্চুয়ালি অংশ নেন। মন্ত্রী জানান, প্রতিটি জেলায় কৃষকবন্ধু, শস্যবিমা ও কৃষি সহায়ক যন্ত্র সংক্রান্ত প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখে দ্রুত বকেয়া কাজ সম্পূর্ণ করতে হবে। কোথাও কোনও কৃষক অর্থ পেতে সমস্যায় পড়লে আধিকারিকদের বাড়ি গিয়ে তা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রের খবর, ক্ষেতমজুরদের কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আনার বিষয়টিও এদিনের বৈঠকে আলোচিত হয়। পাশাপাশি ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে খরিফ মরসুমের আগেই জমিতে ‘মাইক্রো নিউট্রিয়েন্টস’-এ জিঙ্কের পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী। এ বিষয়ে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে। নির্বাচনের আগে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে গতি আনতেই এই তৎপরতা বলে প্রশাসনিক মহলের মতে।






