রাজ্যের খবর

‘ভারত বন্ধ’ ঘিরে কড়া বার্তা নবান্নের, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন!

সব কর্মীকেই ওই দিন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Truth Of Bengal: ১২ ফেব্রুয়ারি ডাকা ২৪ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘট ঘিরে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বুধবার অর্থ দফতরের তরফে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন রাজ্যের সমস্ত সরকারি দফতর খোলা থাকবে। এমনকি রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত দফতরগুলিকেও স্বাভাবিকভাবে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব কর্মীকেই ওই দিন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার কোনও কর্মীকে ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি মঞ্জুর করা হবে না, তা অর্ধদিবস হোক বা পূর্ণদিবস। নির্দেশ অমান্য করে কেউ অনুপস্থিত থাকলে সেই দিনটি ‘ডাইজ-নন’ হিসেবে গণ্য হবে। অর্থাৎ সংশ্লিষ্ট দিনের বেতন কেটে নেওয়া হবে এবং তা চাকরির পরিষেবাকালেও গণনা করা হবে না।তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড়ের কথাও উল্লেখ করা হয়েছে।

যেমন— কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে শোকের ঘটনা ঘটলে, ১১ ফেব্রুয়ারির আগেই গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে, অথবা ১১ ফেব্রুয়ারির আগে অনুমোদিত শিশু পরিচর্যা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ কিংবা অর্জিত ছুটিতে থাকলে সেই অনুপস্থিতি গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে। তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

Related Articles