ট্রাম্প জমানায় নিরাপত্তা নিয়ে সংশয়, আমেরিকায় বিশ্বকাপ বয়কটের ডাক প্রাক্তন ফিফা প্রধানের
সীমান্তে পৌঁছে যদি অভিবাসন আধিকারিকদের পছন্দ না হয়, তাহলে সঙ্গে সঙ্গে পরের বিমানে ফিরিয়ে দেওয়া হতে পারে।
Truth Of Bengal: ডোনাল্ড ট্রাম্পের জমানায় ফুটবলপ্রেমীদের নিরাপত্তা নিয়ে গুরুতর সংশয় প্রকাশ করলেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। আমেরিকায় আয়োজিত ফুটবল বিশ্বকাপ বয়কট করারও আহ্বান জানিয়েছেন তিনি। ব্লাটারের দাবি, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জেরে বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের সীমান্তে ভয়াবহ হয়রানির মুখে পড়তে হতে পারে।নিজের সোশাল মিডিয়া পোস্টে ব্লাটার স্পষ্টভাবে মার্ক পিয়েথের মন্তব্যকে সমর্থন করেন। সুইস সংবাদপত্র ডার বুন্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়েথ বলেন, পুরো পরিস্থিতি বিচার করলে ফুটবলভক্তদের জন্য একটাই পরামর্শ—আমেরিকায় যেও না। টিভিতে বসেই ম্যাচ দেখা ভালো। সীমান্তে পৌঁছে যদি অভিবাসন আধিকারিকদের পছন্দ না হয়, তাহলে সঙ্গে সঙ্গে পরের বিমানে ফিরিয়ে দেওয়া হতে পারে। এই মন্তব্যকে উদ্ধৃত করে ব্লাটার লেখেন, এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে মার্ক পিয়েথ একেবারেই ঠিক।
উল্লেখ্য, সেপ ব্লাটার ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফার প্রেসিডেন্ট ছিলেন। দুর্নীতির তদন্তের জেরে তাঁকে পদত্যাগ করতে হয়েছিল।বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে আমেরিকার উপযুক্ততা নিয়েই এখন প্রশ্ন তুলছে আন্তর্জাতিক ফুটবল মহল। এর নেপথ্যে রয়েছে ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি, একাধিক দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা এবং অভিবাসী ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ।সম্প্রতি ট্রাম্প প্রশাসন সেনেগাল ও আইভরি কোস্টের নাগরিকদের উপর কার্যত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় আফ্রিকার দুই শক্তিশালী ফুটবল দেশের সমর্থকদের বিশ্বকাপ সফর অনিশ্চিত হয়ে পড়ে। একইভাবে ইরান ও হাইতির নাগরিকদের ক্ষেত্রেও আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে—এই দুই দেশই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে।যদিও ট্রাম্প দাবি করেছেন, বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের জন্য আমেরিকার দরজা খোলা থাকবে। কিন্তু দর্শক, সাংবাদিক ও সমর্থকদের ভিসা পাওয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন ব্লাটার-সহ একাধিক ক্রীড়া প্রশাসক।
এই প্রসঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওকে গটলিশও জানিয়েছেন, এবার গুরুত্ব দিয়ে বিশ্বকাপ বয়কটের বিষয়টি ভাবার সময় এসেছে।একই সুর শোনা গেছে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক মহল থেকেও। এমনকি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত আগ্রাসী অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপ।
ফুটবল মহলের গুঞ্জন, শেষ মুহূর্ত পর্যন্ত যদি ট্রাম্প প্রশাসনের এই কড়া নীতি বজায় থাকে, তাহলে ইউরোপের একাধিক দেশ বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তও নিতে পারে।উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা।






