খেলা

দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের ফাইনালে সৌরভের দল

প্রথমে ব্যাট করে সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৭০ রান।

Truth Of Bengal: অধিনায়ক হিসেবে চূড়ান্ত সফলতা, ক্রিকেট প্রশাসক হিসেবেও সাফল্যের শিখরে পৌঁছানো—এবার কোচিং কেরিয়ারেও একই ছাপ রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমবার প্রশিক্ষকের ভূমিকায় নেমেই দলকে ফাইনালে তুললেন মহারাজা। দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে প্লে-অফে সানরাইজার্স ইস্টার্ন কেপকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নিল প্রিটোরিয়া ক্যাপিটালস।এর আগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বে থাকলেও, কোচ হিসেবে সৌরভের এটাই প্রথম মরশুম। আর শুরুটাই হল দুর্দান্ত। বুধবার একপেশে ম্যাচে ৭ উইকেটে সানরাইজার্স ইস্টার্ন কেপকে হারিয়ে দেয় প্রিটোরিয়া। উল্লেখযোগ্য বিষয়, এই সানরাইজার্স দলই এর আগে দু’বার দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের চ্যাম্পিয়ন হয়েছিল।

প্রথমে ব্যাট করে সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৭০ রান। জনি বেয়ারস্টো করেন ৫০ রান, জর্ডন হার্মানের ব্যাট থেকে আসে ৪১। জবাবে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় প্রিটোরিয়া ক্যাপিটালস। ৩৮ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ব্রেভিস। ব্রাইস পার্সনস ৪৪ বলে ৬০ রান করার পাশাপাশি বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখান—নেন ৩টি উইকেট। তাঁর অলরাউন্ড নৈপুণ্যেই সহজ জয় তুলে নেয় প্রিটোরিয়া।

এই সাফল্যের পথ অবশ্য মোটেই মসৃণ ছিল না। টুর্নামেন্টের শুরুতে প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল প্রিটোরিয়া। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি—হার না মানা মানসিকতা—দলে ফের আত্মবিশ্বাস জোগায়। একের পর এক বড় জয়ে লিগ পর্বে শীর্ষে থেকেই প্লে-অফে ওঠে প্রিটোরিয়া ক্যাপিটালস।প্রথমবার কোচিংয়ে নেমেই দলকে ফাইনালে তোলা সৌরভের কেরিয়ারে আরেকটি গৌরবময় অধ্যায়। এবার অপেক্ষা শুধু শেষ ধাপের—ফাইনাল জয়ের।

Related Articles