দেশ

বিজেপিতে শুরু নবীন-যুগ, ৪৫ বছরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নিতিন নবীন

বিহারের চার বারের বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার ছেলে নিতিন নবীন ২০০৬ সালে রাজনীতিতে পা রাখেন।

Truth Of Bengal: বিজেপিতে শুরু হল এক নতুন অধ্যায়। ভোটমুখী দেশের একাধিক রাজ্যের আবহে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিতিন নবীন। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নিতিন নবীন।

নিতিন নবীনের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “নিতিনজি একজন মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের প্রতিনিধি, যারা ভারতের বড় পরিবর্তনের সাক্ষী। ছোটবেলায় রেডিওতে খবর শুনেছেন, আবার আজকের দিনে এআই প্রযুক্তিতেও সমান দক্ষ।” মোদী আরও বলেন, “আমি বিজেপির একজন কর্মী, আর নিতিন নবীনজি আমার বস।” প্রধানমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আলোচনা শুরু হয়েছে।

বিহারের চার বারের বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার ছেলে নিতিন নবীন ২০০৬ সালে রাজনীতিতে পা রাখেন। ছাত্রজীবনে তিনি এবিভিপি-র সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিজেপি যুব মোর্চা (BJYM)-এর জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একেবারে তৃণমূল স্তর থেকে সংগঠনের কাজ করে উঠে আসা নেতা নিতিন নবীন আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের সর্বোচ্চ সাংগঠনিক পদে পৌঁছলেন।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে একাধিক নাম আলোচনায় উঠে এলেও নিতিন নবীনের নাম তেমনভাবে সামনে আসেনি। সেই প্রেক্ষাপটে তাঁর এই নির্বাচন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ থেকে তিনি বিজেপির ১২তম সর্বভারতীয় সভাপতি এবং এখনও পর্যন্ত দলের সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে ইতিহাস গড়লেন।