খেলা

বড় কোপ কোহলি-রোহিতদের আয়ে? ‘A+’ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব আগরকরের

সেক্ষেত্রে তাঁদের বার্ষিক আয় কমবে ৪ কোটি টাকা করে।

Truth Of Bengal: ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব দিল অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। বোর্ড সূত্রে খবর, কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটেগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচক প্রধান। বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বর্তমানে এ+ ক্যাটেগরিতে রয়েছেন চার তারকা ক্রিকেটার— বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরাহ। এই ক্যাটেগরি তুলে দেওয়া হলে তাঁরা প্রত্যেকে বছরে ৭ কোটি টাকা থেকে নেমে ৫ কোটি টাকা পাবেন, অর্থাৎ প্রত্যেকের বার্ষিক আয় কমবে ২ কোটি টাকা করে।আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হলে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বি ক্যাটেগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তাঁদের বার্ষিক আয় কমবে ৪ কোটি টাকা করে।

নির্বাচক কমিটির যুক্তি অনুযায়ী, এ+ ক্যাটেগরিতে সাধারণত তাঁদেরই রাখা হয়, যাঁরা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, বর্তমানে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন।রবীন্দ্র জাডেজা খেলছেন টেস্ট ও ওয়ান ডে।জসপ্রীত বুমরাহ তিন ফরম্যাটে খেললেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নিয়মিত খেলেন না।এই কারণেই নির্বাচক কমিটির মতে, এ+ ক্যাটেগরির যৌক্তিকতা আর নেই।

শুধু শীর্ষ চার ক্রিকেটার নন, সামগ্রিক কেন্দ্রীয় চুক্তিতেও পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।সি থেকে বি ক্যাটেগরিতে উন্নীত হতে পারেন অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা।শ্রেয়স আয়ার ও অভিষেক শর্মার ক্যাটেগরিও উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় মহম্মদ শামি, রবি বিশ্নোই ও সরফরাজ় খান কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন বলে জল্পনা।

  • এ+ ক্যাটেগরি (বার্ষিক ৭ কোটি টাকা): বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাহ
  • এ ক্যাটেগরি (বার্ষিক ৫ কোটি টাকা): মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, লোকেশ রাহুল, শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ
  • বি ক্যাটেগরি (বার্ষিক ৩ কোটি টাকা): সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার

সি ক্যাটেগরি (বার্ষিক ১ কোটি টাকা):রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিশ্নোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাটীদার, ধ্রুব জুরেল, সরফরাজ় খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিশন, অভিষেক শর্মা, আকাশদীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা

এখন নজর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের দিকে। আগরকরের প্রস্তাব বোর্ড মানলে ভারতীয় ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি কাঠামোয় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

Related Articles