দেশ

ভোটের আগে তিন রাজ্যে বিজেপির বড় রদবদল, নতুন দায়িত্বে একাধিক নেতা

বিজেপির বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপ্রদেশে দলের ইনচার্জ করা হয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওয়াড়েকে।

Truth of Bengal: আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে তিন ভোটমুখী রাজ্যে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন দায়িত্বপ্রাপ্ত নিয়োগ করল বিজেপি। মঙ্গলবার দলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের কথা জানানো হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সিদ্ধান্তে এই রদবদল বলে জানা গিয়েছে।

বিজেপির বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপ্রদেশে দলের ইনচার্জ করা হয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওয়াড়েকে। তাঁর সঙ্গে কো-ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য নিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক জগদীশ ঈশ্বরভাই প্যাটেল।

পাঞ্জাবে দলের ইনচার্জ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ সতীশ পুনিয়াকে। অন্য দিকে, গুজরাটের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তরুণ চুঘকে।

ভোটের আগে উত্তরপ্রদেশে নতুন দায়িত্বপ্রাপ্ত নিয়োগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির আসনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছিল। তার প্রভাব পড়েছিল রাজ্যের রাজনৈতিক সমীকরণেও। এমনকি বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত অযোধ্যাতেও পরাজিত হতে হয়েছিল গেরুয়া শিবিরকে।

আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাই উত্তরপ্রদেশে সংগঠনকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে সংগঠনের দুর্বল জায়গাগুলি চিহ্নিত করে ভোটের আগে দলকে আরও শক্তিশালী করাই এখন বিজেপির অন্যতম লক্ষ্য।

পাশাপাশি পাঞ্জাবকেও এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। রাজ্যে সংগঠন বিস্তার এবং ক্ষমতা দখলের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দল। সেই কারণেই নতুন দায়িত্বপ্রাপ্ত নিয়োগ করে সংগঠনকে আরও সক্রিয় করার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

গুজরাটেও তরুণ চুঘকে দায়িত্ব দিয়ে ভোটের প্রস্তুতিতে গতি বাড়াতে চাইছে বিজেপি। তিন রাজ্যে নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়োগের মাধ্যমে ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতিকে আরও জোরদার করার বার্তাই দিল কেন্দ্রীয় নেতৃত্ব।