রাজ্যের খবর

শুনানির নামে ‘হয়রানি’, বাদুড়িয়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

রবিবার সকালে মসলন্দপুর–বসিরহাট রোডের শিমুলতলা অংশে এই অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

মন্টু সাহাজী, বসিরহাট: এসআইআর-এর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার শিমুলতলা এলাকার। রবিবার সকালে মসলন্দপুর–বসিরহাট রোডের শিমুলতলা অংশে এই অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় মোট প্রায় ৯০০ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটারকে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, একাধিকবার করে নোটিশ দেওয়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা অধিকাংশই খেটে খাওয়া মানুষ। রোজগারের তাগিদে কাজকর্ম ছেড়ে বারবার শুনানিতে হাজিরা দেওয়া তাঁদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

গ্রামবাসীদের আরও অভিযোগ, এসআইআর-এর নামে ইলেকশন কমিশন নির্বিচারে সাধারণ ভোটারদের তলব করছে, যার ফলে আতঙ্ক ও অসন্তোষ ছড়াচ্ছে এলাকাজুড়ে। এই ‘হয়রানি’ বন্ধের দাবিতেই এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে পুলিশ প্রশাসন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলায় মসলন্দপুর–বসিরহাট রোডে যান চলাচল ব্যাহত হয়।

Related Articles